স্বাস্থ্য সংবাদ ব্রেকিং
ঢাকা: দেশের রেডিওলজি টেকনোলজিস্টদের ১০ম গ্রেডে উন্নীতকরণ এবং সরকারি-বেসরকারি পর্যায়ে কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর দাবি জানানো হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) রাজধানীর জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব রেডিওলজি অ্যান্ড ইমেজিং টেকনোলজিস্টস আয়োজিত ‘১৭তম ন্যাশনাল কনফারেন্স অ্যান্ড সায়েন্টিফিক সেমিনার-২০২৬’-এ এ দাবি উঠে আসে।
দুই দিনব্যাপী এ সম্মেলন ২৭ ও ২৮ আগস্ট অনুষ্ঠিত হচ্ছে। এতে দেশের পাশাপাশি ভারত, নেপাল ও থাইল্যান্ডের রেডিওলজি ও ইমেজিং প্রযুক্তিবিদরা অংশ নিয়েছেন।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলাম বলেন, বর্তমানে সারাদেশে প্রায় ১২ হাজার রেডিওলজি টেকনোলজিস্ট কর্মরত রয়েছেন। স্বাস্থ্যসেবার ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে এই দক্ষ জনশক্তিকে কাজে লাগাতে সরকারি ও বেসরকারি উভয় পর্যায়ে কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি করা প্রয়োজন।
তিনি বলেন, সরকার ইতোমধ্যে প্রায় এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা নিয়েছে। এ পরিকল্পনার পাশাপাশি রেডিওলজি টেকনোলজিস্টদের জন্যও দ্রুত নিয়োগের ব্যবস্থা করা জরুরি। আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে রোগ নির্ণয় ও ইমেজিং সেবায় দক্ষ টেকনোলজিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
রেডিওলজি টেকনোলজিস্টদের দীর্ঘদিনের ১০ম গ্রেডে উন্নীতকরণের দাবির প্রসঙ্গে অধ্যাপক রফিকুল ইসলাম বলেন, বিষয়টি সরকারের উচ্চপর্যায়ে সুপারিশ করার উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে পেশাজীবীদের ন্যায্য দাবি বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
বক্তারা বলেন, আধুনিক চিকিৎসাব্যবস্থায় রোগ নির্ণয়ের ক্ষেত্রে রেডিওলজি ও ইমেজিং প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। ফলে এ খাতে দক্ষ ও প্রশিক্ষিত জনবল তৈরির পাশাপাশি বিদ্যমান জনশক্তির যথাযথ মূল্যায়ন ও কর্মসংস্থান নিশ্চিত করা জরুরি।
সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার এবং অন্যান্য স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে রেডিওলজি টেকনোলজিস্টদের কর্মসংস্থানের সুযোগ আরও সম্প্রসারণের প্রয়োজন রয়েছে।
সম্মেলনে আরও বক্তব্য দেন অধ্যাপক ডা. শাহ আলম তালুকদার ও অধ্যাপক হুমায়ুন কবির। ভারতের রেডিওলজি ও ইমেজিং টেকনোলজিস্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মোহনলাল ভগওয়াতও অনুষ্ঠানে বক্তব্য দেন। এছাড়া নেপালের সাধারণ সম্পাদক পাভুপ্রকাশ পিমালসিনা এবং থাইল্যান্ডের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. নাপাপং পোগনাপাং বক্তব্য রাখেন।
সম্মেলনে রেডিওলজি ও ইমেজিং প্রযুক্তির সাম্প্রতিক অগ্রগতি, দক্ষতা উন্নয়ন, পেশাগত মানোন্নয়ন এবং স্বাস্থ্যসেবায় আধুনিক প্রযুক্তির কার্যকর ব্যবহার নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি দেশের রেডিওলজি টেকনোলজিস্টদের পেশাগত মর্যাদা বৃদ্ধি, কর্মসংস্থান সম্প্রসারণ এবং দীর্ঘদিনের বিভিন্ন দাবি বাস্তবায়নের বিষয়েও গুরুত্বারোপ করা হয়।