স্বাস্থ্য সংবাদ ব্রেকিং

নিজস্ব প্রতিবেদক
  ৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৬ পি এম

সরকারি হাসপাতালের নার্সদের বদলিতে অনলাইন আবেদন শুরু, মানতে হবে একাধিক শর্ত

ছবি: প্রতীকী

ঢাকা: সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে কর্মরত সিনিয়র স্টাফ নার্স, স্টাফ নার্স ও মিডওয়াইফদের বদলির জন্য অনলাইনে আবেদন গ্রহণ শুরু করেছে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর (ডিজিএনএম)।

বদলি নীতিমালা-২০২০ অনুসরণ করে আগ্রহী নার্স ও মিডওয়াইফদের নির্ধারিত অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে।


ডিজিএনএম ০৩ সেপ্টেম্বর জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বদলির জন্য আগ্রহী প্রার্থীদের ডিজিএনএমের পিএমআইএস (PMIS) পোর্টালে লগইন করে অনলাইনে আবেদন করতে হবে।

আবেদনকারীকে বদলির কারণ উল্লেখ করার পাশাপাশি প্রয়োজনীয় কাগজপত্রও আবেদনের সঙ্গে সংযুক্ত করতে হবে।

বদলির ক্ষেত্রে বেশ কয়েকটি শর্তও নির্ধারণ করে দিয়েছে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর।

নির্দেশনা অনুযায়ী, একক বদলির ক্ষেত্রে আবেদনকারীকে বর্তমান কর্মস্থলে ন্যূনতম তিন বছর চাকরি করতে হবে।

অন্যদিকে পারস্পরিক বদলির ক্ষেত্রে সংশ্লিষ্টদের ন্যূনতম পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

একজন আবেদনকারী সর্বোচ্চ পাঁচটি প্রতিষ্ঠানে বদলির জন্য আবেদন করতে পারবেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

তবে দুর্গম, হাওর, উপকূলীয়, চরাঞ্চল ও পার্বত্য জেলা এলাকায় সরকার কর্তৃক নিয়োগপ্রাপ্ত নার্স ও মিডওয়াইফদের ক্ষেত্রে বিশেষ বিধান রাখা হয়েছে। এসব এলাকায় নিয়োগপ্রাপ্তরা বর্তমান কর্মস্থলে তিন বছর পূর্ণ হওয়ার আগে বদলির জন্য আবেদন করতে পারবেন না।

পারস্পরিক বদলির ক্ষেত্রেও কঠোর শর্ত আরোপ করা হয়েছে। পারস্পরিক বদলির জন্য আবেদনকারী কোনো প্রার্থী যদি একক বদলির আবেদনকারীর সঙ্গে আবেদন করেন, তাহলে উভয় আবেদন বাতিল বলে গণ্য হবে।

ডিজিএনএম জানিয়েছে, বদলির আবেদন বাতিল হওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট আবেদনকারীর বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ বিবেচনা করা হতে পারে এবং আবেদন বাবদ জমা দেওয়া ফি কোনো অবস্থাতেই ফেরত দেওয়া হবে না।

এ ছাড়া আবেদনে দেওয়া তথ্য ভুল বা অসত্য প্রমাণিত হলে সংশ্লিষ্ট আবেদনকারীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছে অধিদপ্তর।

সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে জরুরি স্বাস্থ্যসেবা কার্যক্রম নিরবচ্ছিন্ন রাখার স্বার্থে নার্স ও মিডওয়াইফদের বদলি কার্যক্রমে শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বদলির জন্য আগ্রহী সিনিয়র স্টাফ নার্স, স্টাফ নার্স ও মিডওয়াইফদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করতে বলা হয়েছে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য ও প্রয়োজনীয় নির্দেশনা ডিজিএনএমের ওয়েবসাইট এবং পিএমআইএস পোর্টালে পাওয়া যাবে।