স্বাস্থ্য সংবাদ ব্রেকিং
ঢাকা: েজনস্বাস্থ্য সুরক্ষা ও অসংক্রামক রোগের ঝুঁকি কমাতে তামাক নিয়ন্ত্রণ আইন দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেছেন ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দীন।
একই সঙ্গে তরুণ প্রজন্মকে নিকোটিনের আসক্তি থেকে রক্ষায় কার্যকর আইনগত ও নীতিগত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও তামাক নিয়ন্ত্রণকর্মীরা।
সোমবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ঢাকা আহ্ছানিয়া মিশন আয়োজিত ‘জনস্বাস্থ্য সুরক্ষায় সংশোধিত তামাক নিয়ন্ত্রণ আইন ২০২৬ ও পরবর্তী করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় এসব কথা বলা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দীন বলেন, বাংলাদেশে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ ও জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণের বিকল্প নেই।
সভায় বক্তারা জানান, দেশে প্রায় ৩ কোটি ৭৮ লাখ মানুষ তামাকজাত দ্রব্য ব্যবহার করেন। তামাক ব্যবহারের কারণে প্রতি বছর প্রায় ২ লাখ মানুষের অকালমৃত্যু হয়। এ ছাড়া স্বাস্থ্যসেবা ব্যয় ও উৎপাদনশীলতা হ্রাসের কারণে বছরে প্রায় ৮৭ হাজার কোটি টাকার অর্থনৈতিক ক্ষতি হচ্ছে।
বক্তারা বলেন, তামাকের ক্ষতিকর প্রভাব শুধু মানুষের স্বাস্থ্যের মধ্যেই সীমাবদ্ধ নয়; তামাক চাষের কারণে বন উজাড়, মাটির উর্বরতা হ্রাস এবং অতিরিক্ত রাসায়নিক ব্যবহারে পরিবেশও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ পরিস্থিতিতে জনস্বাস্থ্য সুরক্ষায় সংশোধিত তামাক নিয়ন্ত্রণ আইন ২০২৬ দ্রুত বাস্তবায়ন এবং প্রয়োজনীয় বিধিমালা প্রণয়ন জরুরি।
সংশোধিত আইনে ই-সিগারেটসহ নতুন নিকোটিনজাত পণ্যের বিষয়টি অন্তর্ভুক্ত না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেন বক্তারা। তাঁদের মতে, বিভিন্ন বিপণন কৌশলের মাধ্যমে তামাক কোম্পানিগুলো তরুণদের এসব পণ্যের প্রতি আকৃষ্ট করছে। এতে নতুন প্রজন্মের মধ্যে নিকোটিন আসক্তির ঝুঁকি বাড়ছে।
বক্তারা ই-সিগারেটসহ নতুন নিকোটিনজাত পণ্যের উৎপাদন, আমদানি, বিপণন ও বিক্রি নিষিদ্ধ করার দাবি জানান। পাশাপাশি এসব পণ্যের প্রচার ও সহজলভ্যতা বন্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তাঁরা।
ঢাকা আহ্ছানিয়া মিশনের সভাপতি অধ্যাপক ড. গোলাম রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের মহাপরিচালক আখতার-উজ-জামান। স্বাগত বক্তব্য দেন ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য ও পুষ্টি সেক্টরের উপপরিচালক মোখলেছুর রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংস্থাটির তামাক নিয়ন্ত্রণ প্রকল্পের সমন্বয়কারী শরিফুল ইসলাম।
সভায় আরও বক্তব্য দেন বাংলাদেশ সুপারমার্কেট ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. মোকাদ্দেম হোসেন এবং বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক আরিফুর রহমান টিপু। এ ছাড়া ঢাকা আহ্ছানিয়া মিশন ইয়ুথ ফোরামের সদস্যরা অংশ নেন।