স্বাস্থ্য সংবাদ ব্রেকিং

নিজস্ব প্রতিবেদক
  ১১ অক্টোবর ২০২৬, ০৮:০০ পি এম

ডেঙ্গু প্রতিরোধে তিন মাস প্রতি শনিবার পরিচ্ছন্নতা অভিযান চালাবে ব্যাংকগুলো

ছবি: প্রতীকী

ঢাকা: ডেঙ্গুর বিস্তার রোধে আগামী তিন মাস প্রতি শনিবার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এ কর্মসূচির আওতায় ব্যাংকের প্রধান কার্যালয়, শাখা, উপশাখা, এজেন্ট ব্যাংকিং আউটলেট, প্রশিক্ষণকেন্দ্র ও এটিএম বুথসহ সব ধরনের স্থাপনায় পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে।

একই সঙ্গে এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

রোববার (১১ অক্টোবর) এ বিষয়ে নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

নির্দেশনায় বলা হয়েছে, ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও গ্রাহকদের ডেঙ্গু থেকে সুরক্ষিত রাখতে সব কর্মস্থল ও সংশ্লিষ্ট স্থাপনা নিয়মিত পরিষ্কার রাখতে হবে।

বিশেষ করে ভবনের ছাদ, গ্যারেজ, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি), ফ্রিজ, পানির ট্যাংক ও রান্নাঘর পরিষ্কারের পাশাপাশি কোথাও পানি জমে আছে কি না, তা পরীক্ষা করতে হবে।

এডিস মশার বংশবিস্তার রোধে পরিত্যক্ত ফুলের টব, অব্যবহৃত কৌটা, পুরোনো টায়ার ও প্লাস্টিকের বোতলসহ পানি জমতে পারে, এমন সামগ্রী অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।

পাশাপাশি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের আবাসিক ভবনেও পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, কর্মস্থল ও আশপাশের এলাকায় মশা নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

এ ছাড়া গ্রাম, শহর ও নগর এলাকার পরিচ্ছন্নতা কার্যক্রমে পৌরসভা, সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট সরকারি ও স্থানীয় প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় সহযোগিতা করতে হবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, সম্প্রতি ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ডেঙ্গুর প্রকোপ বেড়েছে।

প্রতিদিন উল্লেখযোগ্যসংখ্যক মানুষ এ রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। অপরিকল্পিতভাবে ময়লা-আবর্জনা ফেলা, বৃষ্টির পানি জমে থাকা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবে এডিস মশার প্রজননক্ষেত্র বাড়ছে।

এ পরিস্থিতিতে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা, মশার প্রজননস্থল ধ্বংস এবং জনসচেতনতা বাড়ানোর মাধ্যমে ডেঙ্গুর বিস্তার নিয়ন্ত্রণে ব্যাংকগুলোকে সক্রিয় ভূমিকা রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।