স্বাস্থ্য সংবাদ ব্রেকিং

নিজস্ব প্রতিবেদক
  ২৩ অক্টোবর ২০২৬, ০৬:১১ পি এম

ডেঙ্গু প্রতিরোধে মশক নিধনের পাশাপাশি পরিচ্ছন্ন পরিবেশ জরুরি: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

ছবি: সংগৃহীত

 

ঢাকা: ডেঙ্গু প্রতিরোধে মশক নিধনের পাশাপাশি পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী।

শুক্রবার (২৩ অক্টোবর) বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) জানায়, জয়পুরহাটের কালাই পৌরসভার উদ্যোগে আয়োজিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

‘নিজ এলাকা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি’ প্রতিপাদ্যে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে এ কর্মসূচি নেওয়া হয়। প্রতিমন্ত্রীর নির্দেশনায় পরিচালিত এ অভিযানে বিভিন্ন সামাজিক সংগঠন, ছাত্রদল, যুবদল, বিডি ক্লিন ও স্কাউটসের সদস্যরা অংশ নেন।

বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে প্রকাশিত তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার কালাই পৌরসভার টিএন্ডটি এলাকায় ৪০ জন স্বেচ্ছাসেবীর অংশগ্রহণে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়। পর্যায়ক্রমে পৌরসভার নয়টি এলাকায় এ কার্যক্রম পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। পাশাপাশি এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে সেগুলো পরিষ্কার করা এবং ডেঙ্গু প্রতিরোধে নাগরিকদের সচেতন করার উদ্যোগ নেওয়া হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন জয়পুরহাটের জেলা প্রশাসক আল মামুন মিয়া, কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ, উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন ফকির, যুগ্ম আহ্বায়ক মৌদুদ আলম ও রফিকুল ইসলাম টুকু এবং কালাই পৌর বিএনপির আহ্বায়ক সাজ্জাদুর রহমান তালুকদার সোহেলসহ স্থানীয় নেতাকর্মীরা।

এ ছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, বিডি ক্লিন ও স্কাউটসের সদস্য এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন।