স্বাস্থ্য সংবাদ ব্রেকিং
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) পরিচ্ছন্নতাকর্মীদের স্বল্পমূল্যে চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রায় ৪২০টি হাসপাতালের সঙ্গে চুক্তি করেছে সংস্থাটি। পাশাপাশি কর্মক্ষেত্রে দুর্ঘটনাজনিত মৃত্যুতে ঝুঁকি ভাতা হিসেবে চার লাখ টাকা করে দেওয়ার ব্যবস্থাও রয়েছে।
ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম এ তথ্য জানিয়েছেন।
আজ রাজধানীর উত্তর শাহজাহানপুরে ডিএসসিসির ১১ নম্বর ওয়ার্ডের অন্তর্বর্তীকালীন বর্জ্য স্থানান্তর কেন্দ্রের (এসটিএস) সৌন্দর্যবর্ধন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রশাসক বলেন, নগর পরিচ্ছন্ন রাখার কাজে নিয়োজিত কর্মীদের কল্যাণ, স্বাস্থ্যসুরক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। পরিচ্ছন্নতাকর্মীদের সুরক্ষাসামগ্রী সরবরাহে হারপিক ও সাজেদা ফাউন্ডেশনের সহযোগিতারও প্রশংসা করেন তিনি।
নগর পরিচ্ছন্ন রাখতে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্ব দিয়ে মো. আবদুস সালাম বলেন, প্রত্যেক ব্যবসাপ্রতিষ্ঠানকে নিজস্ব ডাস্টবিনে বর্জ্য সংরক্ষণ করতে হবে এবং প্রতিষ্ঠানের সামনের অংশ পরিচ্ছন্ন রাখতে হবে। যত্রতত্র বর্জ্য ফেলা বন্ধ করা গেলে নগরের পরিচ্ছন্নতা বজায় রাখার পাশাপাশি ডেঙ্গুর ঝুঁকিও অনেকাংশে কমানো সম্ভব হবে।
নাগরিক সেবাসংক্রান্ত যেকোনো অভিযোগ সিটি কর্পোরেশনকে জানানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য ঢাকা গড়ে তুলতে সিটি কর্পোরেশনের কার্যক্রমের পাশাপাশি নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। নাগরিকেরা নিজেদের অভ্যাসে পরিবর্তন আনলে নগরের চিত্রও দ্রুত বদলে যাবে।
এদিকে নগরীর বর্জ্য ব্যবস্থাপনাকে আরও কার্যকর, পরিবেশবান্ধব ও নান্দনিক করে তুলতে উত্তর শাহজাহানপুরে ১১ নম্বর ওয়ার্ডের এসটিএসের সৌন্দর্যবর্ধন কার্যক্রম শুরু করেছে ডিএসসিসি। সংস্থাটির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের বাস্তবায়নে এ উদ্যোগের লক্ষ্য সংশ্লিষ্ট এলাকার পরিবেশের উন্নয়ন, পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং নগরবাসীর মধ্যে পরিচ্ছন্নতাবিষয়ক সচেতনতা বৃদ্ধি।
বর্জ্য স্থানান্তর কেন্দ্রের আধুনিকায়ন ও সৌন্দর্যবর্ধনের মাধ্যমে বর্জ্য ব্যবস্থাপনা আরও উন্নত করার পাশাপাশি নগরীর পরিচ্ছন্নতা কার্যক্রম গতিশীল হবে বলে আশা করছে সংস্থাটি।
অনুষ্ঠান শেষে পরিচ্ছন্নতাকর্মীদের কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত ও স্বাস্থ্যঝুঁকি কমাতে বিভিন্ন ধরনের সুরক্ষাসামগ্রী বিতরণ করা হয়। এসব উপকরণের মধ্যে রয়েছে সেফটি গামবুট, হ্যান্ড গ্লাভস, হেলমেট, সেফটি গগলস, ফার্স্ট এইড বক্স, ওয়ার্নিং কোন, কশন ফ্লোর সাইন এবং হাই-ভিজিবিলিটি ভেস্ট।
ডিএসসিসির উদ্যোগে এর আগে কলাবাগান, পুরান এলিফ্যান্ট রোডের সবজি বাগান, মালিবাগ ও বুয়েট-সংলগ্ন পলাশী এলাকার বর্জ্য স্থানান্তর কেন্দ্রের আধুনিকায়ন ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম পরিচালিত হয়েছে।
অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মাহবুবুর রহমান তালুকদারসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।