স্বাস্থ্য সংবাদ ব্রেকিং
ঢাকা: সরকারি কর্মচারী হাসপাতালের হেলথ কার্ড পেতে অনলাইনে নিবন্ধন ও প্রোফাইলের তথ্য হালনাগাদ করে প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করার নির্দেশ দেওয়া হয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষ পরিচয় ও তথ্য যাচাই করে প্রোফাইলের অবস্থা ‘ভেরিফায়েড’ হিসেবে হালনাগাদ করার পর যেকোনো কর্মদিবসে নির্ধারিত কক্ষ থেকে হেলথ কার্ড সংগ্রহ করা যাবে।
গত ১১ অক্টোবর জারি করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, হেলথ কার্ডের জন্য প্রথমে সরকারি কর্মচারী হাসপাতালের এইচএসএমএস সফটওয়্যারে অনুমোদিত প্রোফাইলের তথ্য হালনাগাদ করতে হবে।
এরপর হেলথ কার্ড নিবন্ধন ফরম ডাউনলোড করে পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় কাগজপত্র ও প্রমাণক আপলোড করতে হবে।
হাসপাতাল কর্তৃপক্ষ পরিচয় ও তথ্য যাচাই শেষে প্রোফাইলে ‘ভেরিফায়েড’ অবস্থা দেখালে চতুর্থ তলার ১০৮ নম্বর কক্ষ থেকে যেকোনো কর্মদিবসে কার্ড সংগ্রহ করা যাবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, হাসপাতালের এইচএসএমএস সফটওয়্যারের মাধ্যমে অনলাইনে চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে।
১৩ অক্টোবরের অ্যাপয়েন্টমেন্টের জন্য ১২ অক্টোবর সকাল ৮টায় অনলাইন স্লট খোলা হবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত প্রতিদিন সকাল ৮টায় পরবর্তী দিনের অ্যাপয়েন্টমেন্টের স্লট খোলা হবে।
অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পর কোনো রোগী পরপর দুবার চিকিৎসকের পরামর্শ নিতে অনুপস্থিত থাকলে এবং অ্যাপয়েন্টমেন্ট বাতিলের সুযোগ থাকা সত্ত্বেও তা বাতিল না করলে তাঁর ইউজার আইডি স্বয়ংক্রিয়ভাবে নিষ্ক্রিয় হয়ে যাবে। ফলে ওই আইডি ব্যবহার করে নতুন অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যাবে না।
পরীক্ষার প্রতিবেদন দেখানোর জন্য প্রতিবেদন পাওয়ার তারিখ থেকে সাত দিনের মধ্যে নিচতলার রিপোর্ট কাউন্টার থেকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যাবে। তবে প্রথম থেকে পঞ্চম গ্রেডের কর্মকর্তারা দ্বিতীয় তলার ২০৯ নম্বর কক্ষে এ সেবা নিতে পারবেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন রোগীদের নিবন্ধন সম্পূর্ণ অনলাইনে করতে হবে। এ জন্য হাসপাতালের ওয়েবসাইট www.skh.gov.bd-এর ‘আমার প্রোফাইল’ অপশন ব্যবহার করতে হবে।
সরকারি কর্মচারী ও তাঁদের নির্ভরশীল ব্যক্তি, মুক্তিযোদ্ধা এবং বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের অনলাইনে নিবন্ধনের পর প্রয়োজনীয় প্রমাণক ও মূল কাগজপত্র নিয়ে হাসপাতালের ৪২৪ ও ৪২৫ নম্বর কক্ষে যোগাযোগ করে নিবন্ধন অনুমোদন করাতে হবে।
এ বিষয়ে প্রয়োজনীয় তথ্য ও সহায়তার জন্য হাসপাতালের চতুর্থ তলায় অবস্থিত আইটি তথ্যকেন্দ্রে যোগাযোগ করতে বলা হয়েছে।