স্বাস্থ্য সংবাদ ব্রেকিং

নিজস্ব প্রতিবেদক
  ১২ অক্টোবর ২০২৬, ০৩:০৩ পি এম

সরকারি কর্মচারী হাসপাতালে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চিকিৎসা না নিলে নিষ্ক্রিয় হবে আইডি

ছবি: সংগৃহীত

ঢাকা: সরকারি কর্মচারী হাসপাতালে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ধারাবাহিকভাবে দুইবার চিকিৎসকের পরামর্শ গ্রহণ না করলে এবং অ্যাপয়েন্টমেন্ট বাতিলের সুযোগ থাকা সত্ত্বেও তা বাতিল না করলে সংশ্লিষ্ট ব্যবহারকারীর আইডি স্বয়ংক্রিয়ভাবে নিষ্ক্রিয় হয়ে যাবে। ফলে পরবর্তী সময়ে ওই আইডি দিয়ে নতুন অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যাবে না।

সরকারি কর্মচারী হাসপাতালের নতুন চালু হওয়া হসপিটাল সার্ভিস ম্যানেজমেন্ট সিস্টেম (এইচএসএমএস) সফটওয়্যারে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট, রোগী নিবন্ধন ও হেলথকার্ড ব্যবস্থাপনা নিয়ে জারি করা এক নোটিশে এ নির্দেশনা দেওয়া হয়েছে। 

১১ অক্টোবর জারি করা নোটিশে সেবাগ্রহীতাদের নতুন অনলাইন ব্যবস্থার নিয়ম অনুসরণের অনুরোধ জানানো হয়।

নোটিশ অনুযায়ী, ১৩ অক্টোবরের অ্যাপয়েন্টমেন্ট ১২ অক্টোবর সকাল ৮টায় উন্মুক্ত করা হবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত প্রতিদিনের অ্যাপয়েন্টমেন্টের স্লট আগের দিন সকাল ৮টায় উন্মুক্ত করা হবে।

রিপোর্ট দেখানোর জন্য রিপোর্টের তারিখ থেকে সাত দিন পর্যন্ত হাসপাতালের নিচতলার রিপোর্ট কাউন্টার থেকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যাবে। তবে প্রথম থেকে পঞ্চম গ্রেডের কর্মকর্তাদের রিপোর্ট দেখানোর অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে হাসপাতালের দ্বিতীয় তলার ২০৯ নম্বর কক্ষ থেকে।

হাসপাতালের রোগী নিবন্ধন কার্যক্রমও সম্পূর্ণ অনলাইনভিত্তিক করা হয়েছে। এখন থেকে নতুন রোগীদের নিবন্ধন হাসপাতালের ওয়েবসাইট www.skh.gov.bd-এর ‘আমার প্রোফাইল’ অপশন থেকে সম্পন্ন করতে হবে।

সরকারি কর্মচারী ও তাঁদের নির্ভরশীল ব্যক্তি, মুক্তিযোদ্ধা এবং বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের যোগ্যতা যাচাইয়ের জন্য অনলাইনে নিবন্ধন সম্পন্ন করার পর প্রয়োজনীয় প্রমাণক ও মূল কাগজপত্রসহ হাসপাতালের ৪২৪ ও ৪২৫ নম্বর কক্ষে উপস্থিত হয়ে নিবন্ধনের অনুমোদন নিতে হবে।

হেলথকার্ড সংগ্রহের ক্ষেত্রেও নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করতে হবে। এ জন্য প্রথমে এইচএসএমএসে অনুমোদিত প্রোফাইলের তথ্য হালনাগাদ করতে হবে। এরপর হেলথকার্ড নিবন্ধন ফরম ডাউনলোড করে যথাযথভাবে পূরণ করতে হবে। প্রয়োজনীয় অন্যান্য কাগজপত্র ও প্রমাণক যাচাইয়ের জন্য অনলাইনে আপলোড করতে হবে।

হাসপাতাল কর্তৃপক্ষ পরিচয় ও দাখিল করা তথ্য যাচাই সম্পন্ন করলে সংশ্লিষ্ট ব্যক্তির প্রোফাইলে ‘ভেরিফায়েড’ চিহ্ন প্রদর্শিত হবে। এই চিহ্ন দেখা গেলে হেলথকার্ড প্রস্তুত হয়েছে বলে বিবেচিত হবে। এরপর সুবিধাজনক যেকোনো কর্মদিবসে হাসপাতালের ১০৮ নম্বর কক্ষ থেকে হেলথকার্ড সংগ্রহ করা যাবে।

রোগী নিবন্ধন ও অ্যাপয়েন্টমেন্টসংক্রান্ত বিস্তারিত তথ্য এবং প্রয়োজনীয় সহযোগিতার জন্য হাসপাতালের চতুর্থ তলায় অবস্থিত আইটি তথ্যকেন্দ্রে যোগাযোগ করতে বলা হয়েছে।

সরকারি কর্মচারী হাসপাতালের উপপরিচালক (প্রশাসন) মো. রাজিব হোসেন স্বাক্ষরিত নোটিশে সব সেবাগ্রহীতাকে নতুন অনলাইন ব্যবস্থার নির্দেশনা অনুসরণ করে সেবা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।