স্বাস্থ্য সংবাদ ব্রেকিং

নিজস্ব প্রতিবেদক
  ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ পি এম

নার্সদের লাইসেন্স নবায়নে ভোগান্তি, অনলাইন ব্যবস্থা চালুর দাবি

ফাইল ছবি

ঢাকা: দেশের বিভিন্ন প্রান্তে কর্মরত নার্স ও মিডওয়াইফদের পেশাগত লাইসেন্স নবায়ন প্রক্রিয়ায় দীর্ঘদিন ধরে ভোগান্তির অভিযোগ উঠেছে। দূর-দূরান্ত থেকে ঢাকায় এসে বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলে (বিএনএমসি) সশরীরে উপস্থিত হয়ে লাইসেন্স নবায়ন করতে হওয়ায় সময় ও অর্থ ব্যয়ের পাশাপাশি নানা বিড়ম্বনায় পড়তে হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

অভিযোগ অনুযায়ী, বর্তমানে লাইসেন্স নবায়নের পুরো প্রক্রিয়ায় অনলাইন সুবিধা না থাকায় দেশের বিভিন্ন জেলা থেকে নার্স ও মিডওয়াইফদের ঢাকায় এসে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হয়। টেকনাফ থেকে তেঁতুলিয়াসহ দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে কর্মরত নার্সদের শুধু একটি লাইসেন্স নবায়নের জন্য দীর্ঘ পথ পাড়ি দিয়ে রাজধানীতে আসতে হচ্ছে।

সংশ্লিষ্টদের ভাষ্য, সাধারণ প্রক্রিয়ায় (রেগুলার) প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পর লাইসেন্স পেতে ১৫ কর্মদিবস পর্যন্ত সময় লাগে। আর জরুরি (আর্জেন্ট) প্রক্রিয়ায়ও অন্তত দুই কর্মদিবস সময় প্রয়োজন হয়।

ফলে দূর-দূরান্ত থেকে আসা নার্সদের লাইসেন্স নবায়নের জন্য ঢাকায় অতিরিক্ত সময় অবস্থান করতে হচ্ছে। এতে তাদের কর্মঘণ্টা নষ্ট হওয়ার পাশাপাশি আবাসন, যাতায়াত ও অন্যান্য খরচও বাড়ছে।

লাইসেন্স নবায়নের ফি পরিশোধের ক্ষেত্রেও ভোগান্তির অভিযোগ রয়েছে। সংশ্লিষ্টদের দাবি, অনলাইন পেমেন্টের পাশাপাশি একাধিক ব্যাংকের মাধ্যমে ফি জমা দেওয়ার সুযোগ না থাকায় একটি নির্দিষ্ট ব্যাংক ও শাখার ওপর নির্ভর করতে হচ্ছে। এতে ফি জমা দিতে দীর্ঘ সময় লাইনে দাঁড়াতে হয়।

স্বাস্থ্যসেবা ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ নার্স ও মিডওয়াইফরা। হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি তাদের লাইসেন্স নবায়নের জন্য ঢাকায় এসে দিনের পর দিন অপেক্ষা করতে হওয়াকে সময়োপযোগী ও সেবাবান্ধব ব্যবস্থা নয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এ অবস্থায় নার্স ও মিডওয়াইফদের ভোগান্তি কমাতে পূর্ণাঙ্গ অনলাইন ই-লাইসেন্সিং ব্যবস্থা চালুর দাবি জানানো হয়েছে। আবেদনের পুরো প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন করার পাশাপাশি বিকাশ, নগদ, কার্ডসহ বিভিন্ন ডিজিটাল মাধ্যমে লাইসেন্স নবায়নের ফি পরিশোধের সুযোগ রাখার দাবি রয়েছে।

এছাড়া আবেদন অনুমোদনের পর ডিজিটাল কপি বা ই-লাইসেন্স দেওয়ার এবং পরবর্তী সময়ে ফিজিক্যাল লাইসেন্স কার্ড কুরিয়ার বা ডাকযোগে আবেদনকারীর ঠিকানায় পাঠানোর ব্যবস্থা করার দাবি জানানো হয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে লাইসেন্স নবায়ন প্রক্রিয়া সহজ করা গেলে দেশের বিভিন্ন প্রান্তে কর্মরত নার্স ও মিডওয়াইফদের সময়, অর্থ ও শ্রম সাশ্রয় হবে। একই সঙ্গে স্বাস্থ্যসেবা খাতের গুরুত্বপূর্ণ এই পেশাজীবীদের জন্য একটি আরও সহজ, স্বচ্ছ ও সেবাবান্ধব ব্যবস্থা নিশ্চিত করা সম্ভব হবে।