স্বাস্থ্য সংবাদ ব্রেকিং
ঢাকা, ২৮ অক্টোবর ২০২৬ (বাসস): দেশের সব নাগরিকের জন্য নিরাপদ, পুষ্টিকর ও মানসম্মত খাদ্য নিশ্চিত করতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম এমপি।
আজ মঙ্গলবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) সম্মেলন কক্ষে ফোরটিফিকেশন অ্যালায়েন্স অব বাংলাদেশ (এফএবি) আয়োজিত ‘স্ট্রেনদেনিং পাবলিক-প্রাইভেট পার্টনারশিপস ফর ফোরটিফিকেশন ইন বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন, খাদ্য মানুষের মৌলিক চাহিদা ও সর্বজনীন মানবাধিকার। সংবিধান অনুযায়ী নাগরিকদের মৌলিক চাহিদা পূরণ রাষ্ট্রের অন্যতম দায়িত্ব। এ লক্ষ্য অর্জনে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি খাত, উন্নয়ন সহযোগী সংস্থা, গবেষক ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
তিনি বলেন, বিশেষ করে নারী ও শিশুসহ পুষ্টিঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর চাহিদা পূরণে খাদ্যে প্রয়োজনীয় ভিটামিন ও খনিজ উপাদান সংযোজনের কার্যক্রম সম্প্রসারণ জরুরি। এ জন্য কার্যকর সমন্বয়, জনসচেতনতা বৃদ্ধি, বাস্তবভিত্তিক পরিকল্পনা প্রণয়ন এবং পুষ্টিকরণ কার্যক্রমের অগ্রগতি নিয়মিত পর্যালোচনা করতে হবে।
সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, কার্যক্রমের সমন্বয় ও বাস্তবায়ন সহজ করতে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই), জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশকে (টিসিবি) খাদ্য মন্ত্রণালয়ের অধীনে আনা হলে কাজের সুবিধা হবে।
প্যানেল আলোচনায় অংশ নেন খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. জসিম উদ্দিন খান, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য আনোয়ারুল ইসলাম, তানভীর আহমেদ, মো. ওসমান হারুনী, ফারিয়া শবনম ও জাকির ইবনে হাই।
আলোচনায় বক্তারা পুষ্টিকরণ কার্যক্রম টেকসই করতে নীতিনির্ধারণী পর্যায় থেকে বাস্তবায়ন পর্যন্ত সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সহযোগিতা বাড়ানো, সময়াবদ্ধ কর্মপরিকল্পনা প্রণয়ন এবং কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণের ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে পুষ্টিকর খাদ্যের গুরুত্ব সম্পর্কে জনসাধারণকে সচেতন করার আহ্বান জানান।
সেমিনারে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, উন্নয়ন সহযোগী সংস্থা ও পুষ্টিবিষয়ক বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।