স্বাস্থ্য সংবাদ ব্রেকিং
ঢাকা: ডায়রিয়া ও খাদ্যবাহিত রোগ প্রতিরোধে খাবার আগে এবং শৌচাগার ব্যবহারের পর সাবান দিয়ে হাত ধোয়ার ওপর গুরুত্ব দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেছেন, ব্যক্তিগত সুস্বাস্থ্য রক্ষায় স্বাস্থ্যবিধি মেনে চলা অপরিহার্য।
আজ বুধবার রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষার্থীদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, নিয়মিত হাত পরিষ্কার রাখা ও স্বাস্থ্যবিধি মেনে চলার অভ্যাস সুস্থ প্রজন্ম গড়ে তুলতে সহায়তা করে। ফাস্টফুড খাওয়ার সময় সাবান দিয়ে হাত ধোয়ার সুযোগ না থাকলে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারের পরামর্শ দেন তিনি।
ঢাকার পানি সরবরাহ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ঢাকা ওয়াসা প্রতিদিন প্রায় ৩১৪ কোটি লিটার পানি সরবরাহ করে। এর মধ্যে ৭৪ শতাংশ ভূগর্ভস্থ উৎস থেকে এবং ২৬ শতাংশ নদীর পানি শোধনের মাধ্যমে পাওয়া যায়। ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমানো ও ভূমিকম্পের ঝুঁকি এড়াতে আগামী ছয় মাস থেকে এক বছরের মধ্যে পদ্মা নদী থেকে অতিরিক্ত ১০০ কোটি লিটার পানি ঢাকায় সরবরাহের লক্ষ্যে সরকার নতুন প্রকল্প হাতে নিয়েছে। এ সময় তিনি শিক্ষার্থীদের পানির অপচয় রোধে সচেতন হওয়ার আহ্বান জানান।
শিক্ষার্থীদের শারীরিক সুস্থতার ওপর গুরুত্ব দিয়ে মীর শাহে আলম বলেন, বর্তমান প্রজন্মের অনেকের মধ্যে ভিটামিন ‘ডি’র ঘাটতির কারণে ক্লান্তি দেখা যায়। এ জন্য চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ভিটামিন ‘ডি’ গ্রহণের পাশাপাশি পুষ্টিকর খাবার খাওয়া এবং নিয়মিত খেলাধুলায় অংশ নেওয়া প্রয়োজন।
স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব মো. শহীদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউনিসেফের ডেপুটি রিপ্রেজেন্টেটিভ মালালাই আহমদজাই, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) বাংলাদেশ প্রতিনিধি (ওআইসি) ড. রাজেশ নারওয়াল এবং ইউনিসেফের ওয়াশ বিভাগের প্রধান পিটার মাস।