স্বাস্থ্য সংবাদ ব্রেকিং
ঢাকা: স্বাস্থ্যখাতে বরাদ্দ করা ৭০ হাজার কোটি টাকার সঠিক ব্যবহার নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত। তিনি বলেছেন, শুধু অর্থ ব্যয় বা অপরিকল্পিতভাবে বড় বড় ভবন নির্মাণ ও দামি যন্ত্রপাতি কেনার মাধ্যমে জনগণের সুস্বাস্থ্য নিশ্চিত করা সম্ভব নয়।
আজ বুধবার সকালে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণসহ অসংক্রামক রোগ প্রতিরোধে সুনির্দিষ্ট বাজেট বরাদ্দ, উচ্চ রক্তচাপের ওষুধ প্রাপ্তির উপায় ও ভবিষ্যৎ করণীয়বিষয়ক এক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, সরকার স্বাস্থ্যখাতে সর্বোচ্চ ৭০ হাজার কোটি টাকার বাজেট দিয়েছে। এ বিশাল বরাদ্দের প্রতিটি পয়সা যেন জনগণের স্বাস্থ্যসেবায় ব্যয় হয় এবং কোনো ধরনের দুর্নীতির মাধ্যমে এর অপব্যবহার না হয়, তা নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, জনতুষ্টিমূলক ও চটকদার কাজের সংস্কৃতি থেকে বেরিয়ে এসে পরিকল্পিতভাবে স্বাস্থ্যখাতের উন্নয়ন করতে হবে। সরকারের লক্ষ্য আগামী ১০ বছরের জন্য একটি দীর্ঘস্থায়ী ও প্রান্তিক জনগোষ্ঠীকেন্দ্রিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলা।
উচ্চ রক্তচাপ ও অসংক্রামক রোগের ভয়াবহতা তুলে ধরে ডা. মুহিত বলেন, এসব রোগ মানুষের জীবনকে প্রতিনিয়ত ঝুঁকির মধ্যে ফেলছে। শুধু দামি যন্ত্রপাতি কেনা কিংবা হাসপাতালের ভবন নির্মাণ করে এ সমস্যা সমাধান করা যাবে না। বরং প্রান্তিক মানুষের দোরগোড়ায় নিয়মিত ওষুধ সরবরাহ, স্বাস্থ্য উন্নয়ন এবং রোগ প্রতিরোধমূলক সেবায় বিনিয়োগ বাড়ানো জরুরি।
তিনি বলেন, বিগত সময়ে বিকল্প ব্যবস্থা নিশ্চিত না করেই সেক্টর ওয়াইড প্রোগ্রাম ও অপারেশনাল প্ল্যান বন্ধ করে দেওয়ায় টিকাদান কার্যক্রম থেকে শুরু করে উচ্চ রক্তচাপের ওষুধ সরবরাহ পর্যন্ত স্বাস্থ্যসেবার বিভিন্ন পর্যায়ে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হয়েছিল।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, সদিচ্ছা থাকলেই প্রশাসন পরিচালনা করা যায় না; প্রতিটি সিদ্ধান্তের সুদূরপ্রসারী পরিণতি রয়েছে। তাই ভবিষ্যতে স্বাস্থ্যখাত কোন কাঠামো ও পদ্ধতিতে পরিচালিত হবে, সে বিষয়ে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে সুনির্দিষ্ট নীতিমালা ও প্রস্তাবনা তৈরি করতে হবে।
গোলটেবিল বৈঠকে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, গবেষক ও চিকিৎসকরা অংশ নেন।