স্বাস্থ্য সংবাদ ব্রেকিং

নিজস্ব প্রতিবেদক
  ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৩৭ পি এম

আইইডিসিআর পরিচালকের ওপর হামলায় তদন্ত কমিটি, সাত কর্মদিবসে প্রতিবেদন

ছবি: সংগৃহীত

ঢাকা: রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. কাজী আহমেদ জাকিরের ওপর হামলার ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

বৃহস্পতিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে (ন্যাশনাল ইনস্টিটিউট অব মেন্টাল হেলথ) আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আইইডিসিআরের পরিচালকের ওপর হামলার ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। যারা এ ঘটনার সঙ্গে জড়িত, তদন্তের মাধ্যমে তাদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার উপসচিব ইমতিয়াজ হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে তদন্ত কমিটি গঠনের বিষয়টি জানানো হয়। কমিটির আহ্বায়ক করা হয়েছে স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব (বাজেট) আরিফ আহমদকে। সদস্যসচিব করা হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জাহিদ রায়হানকে। কমিটির অপর সদস্য উপসচিব ইমতিয়াজ হোসেন।

অফিস আদেশে বলা হয়েছে, বুধবার আনুমানিক বেলা ১১টার দিকে আইইডিসিআরের পরিচালকের কার্যালয়ে হামলা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টির বিষয়ে বিশ্বস্ত সূত্র এবং সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া সংবাদের পরিপ্রেক্ষিতে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটনের লক্ষ্যে এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে তদন্ত শেষ করে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। প্রতিবেদনে সুস্পষ্ট পর্যবেক্ষণ, প্রাপ্ত তথ্য-প্রমাণ, সংশ্লিষ্ট ব্যক্তিদের দায়-দায়িত্ব নিরূপণ এবং প্রয়োজনীয় সুপারিশ অন্তর্ভুক্ত করতে হবে। তদন্তের প্রয়োজনে কমিটি স্বাস্থ্য অধিদপ্তর বা এর আওতাধীন প্রতিষ্ঠানের যেকোনো কর্মকর্তাকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করতে পারবে।

এর আগে বুধবার বেলা ১১টার দিকে রাজধানীর মহাখালীতে আইইডিসিআরের পরিচালকের কার্যালয়ে অধ্যাপক ডা. কাজী আহমেদ জাকিরকে মারধরের ঘটনা ঘটে।

অভিযোগ অনুযায়ী, বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) একদল নেতাকর্মী এ ঘটনায় জড়িত। তাঁদের নেতৃত্বে ছিলেন ড্যাবের কেন্দ্রীয় সহ-আইনবিষয়ক সম্পাদক ডা. জাহিদ হাসান রিপক।

এ ঘটনায় ডা. জাহিদ হাসান রিপকের প্রাথমিক সদস্যপদ স্থগিত করেছে ড্যাব। পাশাপাশি তাঁকে ৪৮ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে বলে জানা গেছে।

তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর ঘটনার প্রকৃত কারণ, সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা এবং দায়-দায়িত্ব সম্পর্কে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার বিষয়ে সরকারের পক্ষ থেকে কঠোর অবস্থানের কথা জানানো হয়েছে।