স্বাস্থ্য সংবাদ ব্রেকিং
ঢাকা: বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) বেপজা অর্থনৈতিক অঞ্চল-১, মীরসরাই, চট্টগ্রাম মেডিকেল সেন্টারের জন্য চুক্তিভিত্তিক ছয় শ্রেণির পদে জনবল নিয়োগ দেওয়া হবে।
এতে চিকিৎসা কর্মকর্তা, দন্ত চিকিৎসক, সিনিয়র স্টাফ নার্স, ডেন্টাল টেকনোলজিস্ট, আয়া ও ক্লিনার পদে মোট সাতজনকে নিয়োগ দেওয়া হবে।
বেপজা অর্থনৈতিক অঞ্চল-১ মেডিকেল সেন্টার ট্রাস্টি বোর্ডের ২৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখের নিয়োগ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, চিকিৎসা কর্মকর্তা পদে দুইজন এবং দন্ত চিকিৎসক, সিনিয়র স্টাফ নার্স, ডেন্টাল টেকনোলজিস্ট, আয়া ও ক্লিনার পদে একজন করে নিয়োগ দেওয়া হবে। সব পদের প্রার্থীদের বয়স ১৫ অক্টোবর ২০২৬ তারিখে অনূর্ধ্ব ৩২ বছর হতে হবে।
চিকিৎসা কর্মকর্তা পদে মাসিক সর্বসাকুল্যে ৫৩ হাজার ৬০০ টাকা এবং বছরে দুইটি উৎসব ভাতা হিসেবে ২২ হাজার টাকা করে দেওয়া হবে। এ পদে আবেদন করতে এমবিবিএস ডিগ্রি এবং বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) নিবন্ধন থাকতে হবে।
দন্ত চিকিৎসক পদেও মাসিক সর্বসাকুল্যে ৫৩ হাজার ৬০০ টাকা এবং বছরে দুইটি ২২ হাজার টাকা করে উৎসব ভাতা দেওয়া হবে। এ পদের জন্য বিডিএস ডিগ্রি এবং বিএমডিসির নিবন্ধন প্রয়োজন।
সিনিয়র স্টাফ নার্স পদে মাসিক সর্বসাকুল্যে ২৪ হাজার ৭০০ টাকা এবং বছরে দুইটি ১৬ হাজার টাকা করে উৎসব ভাতা রয়েছে। এ পদের জন্য সরকারি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে তিন বছর মেয়াদি ডিপ্লোমা ইন নার্সিং বা ডিপ্লোমা ইন মিডওয়াইফারি অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে নার্সিং বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। একই সঙ্গে বাংলাদেশ নার্সিং কাউন্সিলের নিবন্ধন প্রয়োজন।
ডেন্টাল টেকনোলজিস্ট পদে মাসিক সর্বসাকুল্যে ১৯ হাজার ৮২৫ টাকা এবং বছরে দুইটি ১২ হাজার ৫০০ টাকা করে উৎসব ভাতা দেওয়া হবে। এ পদে সরকারি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে তিন বছর মেয়াদি ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি (ডেন্টাল) থাকতে হবে।
আয়া ও ক্লিনার পদে মাসিক সর্বসাকুল্যে ১৪ হাজার ৪৫০ টাকা এবং বছরে দুইটি ৮ হাজার ২৫০ টাকা করে উৎসব ভাতা দেওয়া হবে। উভয় পদের জন্য ন্যূনতম অষ্টম শ্রেণি পাস হতে হবে। সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত ফরমে আগামী ১৫ অক্টোবর ২০২৬ তারিখের মধ্যে আবেদন করতে হবে। আবেদন ডাকযোগে বা কুরিয়ারের মাধ্যমে ‘সদস্য সচিব, বেপজা অর্থনৈতিক অঞ্চল-১ মেডিকেল সেন্টার ট্রাস্টি বোর্ড, মীরসরাই, চট্টগ্রাম’ বরাবর অফিস চলাকালীন সময়ের মধ্যে পৌঁছাতে হবে। সরাসরি কোনো আবেদন গ্রহণ করা হবে না। আবেদন ফরম বেপজার ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে।
আবেদনপত্রের সঙ্গে বাংলাদেশের যেকোনো তফসিলি ব্যাংক থেকে বেপজা ইজেড-০১ মেডিকেল সেন্টার ট্রাস্টি বোর্ডের অনুকূলে ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার সংযুক্ত করতে হবে। চিকিৎসা কর্মকর্তা, দন্ত চিকিৎসক ও সিনিয়র স্টাফ নার্স পদের জন্য ২০০ টাকা, ডেন্টাল টেকনোলজিস্ট পদের জন্য ১৫০ টাকা এবং আয়া ও ক্লিনার পদের জন্য ১০০ টাকা আবেদন ফি নির্ধারণ করা হয়েছে।
আবেদনপত্রের সঙ্গে শিক্ষাগত যোগ্যতার সনদ, অভিজ্ঞতার সনদ (যদি থাকে), প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, চারিত্রিক সনদ, নাগরিকত্ব সনদ এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি জমা দিতে হবে।
চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় কর্তৃপক্ষের অনাপত্তিপত্র (এনওসি) জমা দিতে হবে। খামের ওপর আবেদন করা পদের নাম ও নিজ জেলার নাম উল্লেখ করতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, কোনো তদবির বা সুপারিশ প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে। কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানো ছাড়াই আবেদন গ্রহণ বা বাতিলের ক্ষমতা সংরক্ষণ করে। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের কারণে কর্তৃপক্ষ কাউকে নিয়োগ দিতে কিংবা লিখিত বা মৌখিক পরীক্ষার প্রবেশপত্র দিতে বাধ্য থাকবে না।