স্বাস্থ্য সংবাদ ব্রেকিং
বাগেরহাট: বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) অধীন মোংলা ইপিজেড মেডিকেল সেন্টারে তিনটি পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
মেডিকেল অফিসার, ডেন্টাল সার্জন ও সিনিয়র স্টাফ নার্স পদে স্থায়ী ও চুক্তিভিত্তিকভাবে জনবল নিয়োগ দেওয়া হবে। এ নিয়োগে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে।
মোংলা ইপিজেড মেডিকেল সেন্টার ট্রাস্টি বোর্ডের পরিচালক (কর্ম ও পিএস) মোহা. কামরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ২০ আগস্ট এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, মেডিকেল অফিসার পদে একজনকে স্থায়ীভাবে নিয়োগ দেওয়া হবে। এ পদের বেতন জাতীয় বেতনস্কেল-২০১৫ অনুযায়ী ২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকা (গ্রেড-৯)। প্রার্থীকে এমবিবিএস ডিগ্রিধারী এবং বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) নিবন্ধনপ্রাপ্ত হতে হবে। অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
ডেন্টাল সার্জন পদে একজনকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে। এ পদের মাসিক সম্মানী ৫০ হাজার টাকা। এর সঙ্গে ইউএস বেনিফিটস প্রযোজ্য হবে। আবেদনকারীর বি.ডি.এস ডিগ্রি এবং বিএমডিসির নিবন্ধন থাকতে হবে।
অন্যদিকে, সিনিয়র স্টাফ নার্স পদে একজনকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে। এ পদের দৈনিক সম্মানী ১ হাজার ৪০০ টাকা। প্রার্থীকে নার্সিংয়ে ডিপ্লোমাধারী হওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এ পদের ক্ষেত্রে বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিলের (বিএনএমসি) নিবন্ধন বাধ্যতামূলক।
আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। আবেদন ফরম বেপজার ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে। আবেদন ফি হিসেবে ১০ টাকার ট্রেজারি চালান জমা দিতে হবে।
আবেদনপত্রের সঙ্গে এক কপি পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য সনদের সত্যায়িত ফটোকপি এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সংযুক্ত করতে হবে। আবেদনপত্র ‘Mongla EPZ Medical Centre Trustee Board’-এর অনুকূলে পাঠাতে হবে। খামের ওপর যে পদের জন্য আবেদন করা হয়েছে, সেই পদের নাম স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে ২০ কার্যদিবসের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। নির্ধারিত সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না।
নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য, আবেদন ফরম ও অন্যান্য নির্দেশনা জানতে বেপজার ওয়েবসাইট bepza.gov.bd ভিজিট করতে বলা হয়েছে।