স্বাস্থ্য সংবাদ ব্রেকিং
ব
ঢাকা: রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে চিকিৎসক ও কর্মচারী পদে ১০৮ জনকে নিয়োগ দেওয়া হবে।
নিয়মিত ভিত্তিতে এসব পদে নিয়োগের জন্য প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, আগ্রহী প্রার্থীরা আগামী ১৭ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানটির বিজ্ঞপ্তি অনুযায়ী, চিকিৎসক ক্যাটাগরিতে ৫০ জন এবং কর্মচারী ক্যাটাগরিতে ৫৮ জন নিয়োগ দেওয়া হবে।
চিকিৎসক ক্যাটাগরিতে আবাসিক মেডিকেল অফিসার (শিশু মেডিসিন) পদে ৩৫ জন, শিশু সার্জারিতে ৯ জন, শিশু অ্যানেসথেসিয়ায় পাঁচজন এবং ইএনটি বিভাগে একজন নিয়োগ দেওয়া হবে।
এসব পদ নবম গ্রেডের। জাতীয় বেতন স্কেল অনুযায়ী এ পদগুলোর বেতন ৪৪ হাজার থেকে ১ লাখ ৫ হাজার ৯০০ টাকা।
চিকিৎসক পদে আবেদনের জন্য বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) স্বীকৃত ও নিবন্ধিত মেডিকেল গ্র্যাজুয়েট হিসেবে এমবিবিএস ডিগ্রি থাকতে হবে।
পাশাপাশি সংশ্লিষ্ট বিভাগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) বা বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) স্বীকৃত অন্তত এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
এসব পদে সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর। ডিপ্লোমা ইন চাইল্ড হেলথ (ডিসিএইচ), এমডি, এমএস ও এফসিপিএসের মতো উচ্চতর যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা দুই বছর পর্যন্ত শিথিলযোগ্য।
কর্মচারী ক্যাটাগরিতে ওয়ার্ড বয়/আয়া পদে ৩৩ জন, পিয়ন বা অফিস সহায়ক পদে ১০ জন এবং অপারেশন থিয়েটার (ওটি), এক্স-রে, ল্যাব ও কার্ডিয়াক বিভাগে অ্যাটেনডেন্ট পদে ২৫ জন নিয়োগ দেওয়া হবে।
এসব পদ ২০তম গ্রেডের। জাতীয় বেতন স্কেল অনুযায়ী বেতন ২০ হাজার থেকে ৪৮ হাজার ৪০০ টাকা।
ওয়ার্ড বয়/আয়া ও অফিস সহায়ক পদে আবেদনের জন্য এসএসসি পাস হতে হবে।
ওয়ার্ড বয়/আয়া পদে সংশ্লিষ্ট কাজে অন্তত এক বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
অ্যাটেনডেন্ট পদে এসএসসি পাসের পাশাপাশি সংশ্লিষ্ট কাজে অন্তত দুই বছরের বাস্তব অভিজ্ঞতা প্রয়োজন। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা প্রকল্পে কাজের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। কর্মচারী পদে সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর।
চিকিৎসক পদের আবেদন ফি দুই হাজার টাকা এবং কর্মচারী পদের ফি ৫০০ টাকা।
সংশ্লিষ্ট আবেদন ফি ‘পরিচালক, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট’-এর অনুকূলে যেকোনো তফসিলি ব্যাংক থেকে পে-অর্ডার বা ব্যাংক ড্রাফটের মাধ্যমে জমা দিতে হবে। এ অর্থ অফেরতযোগ্য।
আগ্রহী প্রার্থীদের প্রতিষ্ঠানটির ওয়েবসাইট www.bshi.gov.bd থেকে নির্ধারিত আবেদন ফরম ডাউনলোড করে যথাযথভাবে পূরণ করতে হবে।
আবেদনপত্রের সঙ্গে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ, জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদ, নাগরিকত্ব সনদ, প্রযোজ্য ক্ষেত্রে বিএমডিসি নিবন্ধন সনদ এবং তিন কপি সত্যায়িত পাসপোর্ট আকারের ছবি সংযুক্ত করতে হবে।
পূরণ করা আবেদনপত্র আগামী ১৭ অক্টোবর সকাল ৯টা থেকে বেলা ২টার মধ্যে সরাসরি অথবা ডাকযোগে ‘পরিচালক, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭’ ঠিকানায় পৌঁছাতে হবে। খামের ওপর আবেদন করা পদের নাম স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।
নিয়োগের জন্য প্রার্থীদের লিখিত পরীক্ষায় অংশ নিতে হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে।
নির্ধারিত সময়ের পর পাওয়া আবেদন এবং অসম্পূর্ণ বা ভুল তথ্যসংবলিত আবেদন বাতিল বলে গণ্য হবে।