স্বাস্থ্য সংবাদ ব্রেকিং

ডেস্ক প্রতিবেদক
  ১২ জুলাই ২০২৬, ১০:৫৪ পি এম

মাতৃস্বাস্থ্যসেবা সম্প্রসারণে স্বাস্থ্যখাতে যুক্ত হচ্ছে ৯৭৪ মিডওয়াইফ পদ

ছবি: সংগৃহীত

দেশের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য প্রতিষ্ঠানে মাতৃসেবা ও প্রজনন স্বাস্থ্যসেবা আরও শক্তিশালী করতে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের অধীনে ৯৭৪টি মিডওয়াইফ পদ সৃজনের অনুমোদন দিয়েছে সরকার।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের নার্সিং সেবা-১ শাখা থেকে গত ৩০ জুন জারি করা এক পত্রে এ তথ্য জানানো হয়েছে। পত্রে উপসচিব মো. শাহাদাত হোসেন মাসুদ স্বাক্ষর করেন।

পত্রে বলা হয়, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য প্রতিষ্ঠানসমূহে রাজস্ব খাতে অস্থায়ীভাবে ৯৭৪টি নন-মেডিকেল টেকনিক্যাল মিডওয়াইফ পদ সৃজন করা হয়েছে। এসব পদ প্রতিবছর সংরক্ষণের ভিত্তিতে বহাল থাকবে।

এতে আরও উল্লেখ করা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ বিভাগ এবং মন্ত্রিপরিষদ বিভাগের সম্মতি পাওয়ার পর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর অনুমোদনক্রমে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

পত্রে অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগের উপসচিবকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক, মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোকে বিষয়টি অবহিত করা হয়েছে।

স্বাস্থ্যসংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, নতুন পদ সৃজনের ফলে বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে দক্ষ মিডওয়াইফের সংখ্যা বৃদ্ধি পাবে। এর মাধ্যমে গর্ভবতী মা, প্রসূতি ও নবজাতকের স্বাস্থ্যসেবার মান আরও উন্নত হবে। পাশাপাশি মাতৃমৃত্যু ও নবজাতক মৃত্যুহার কমিয়ে নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করার ক্ষেত্রেও এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।