স্বাস্থ্য সংবাদ ব্রেকিং

নিজস্ব প্রতিবেদক
  ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৭ পি এম

ডেঙ্গু প্রতিরোধে কাল থেকে তিন মাসের অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি

ঢাকা: রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গুর প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় আগামীকাল শনিবার থেকে সারাদেশে শুরু হচ্ছে তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’।

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল সকাল ৯টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এর মাধ্যমে সারাদেশে একযোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কার্যক্রম শুরু হবে।

তথ্য অধিদপ্তরের (পিআইডি) প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়ায় মশার বংশবিস্তার রোধ এবং পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। তিন মাসব্যাপী এ অভিযানের মাধ্যমে ডেঙ্গু নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হবে।

ডেঙ্গু প্রতিরোধে মশার প্রজননস্থল ধ্বংস করা এবং বসতবাড়ি, অফিস-আদালত, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থাপনার আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা গুরুত্বপূর্ণ। বিশেষ করে জমে থাকা পানি নিয়মিত অপসারণের মাধ্যমে এডিস মশার বংশবিস্তার কমানো সম্ভব।

এ কর্মসূচিকে সফল করতে সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি এবং সাধারণ মানুষকে নিজ নিজ অবস্থান থেকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জনস্বার্থে প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার এবং দেশের সব বেসরকারি টেলিভিশন চ্যানেলে সরাসরি সম্প্রচারের জন্য সংশ্লিষ্টদের প্রতি বিনীত অনুরোধ জানানো হয়েছে।

সরকারের এ উদ্যোগের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদার হওয়ার পাশাপাশি জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

তিন মাসের এ অভিযানে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা এবং মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে তা ধ্বংস করার ওপর গুরুত্ব দেওয়া হবে।