স্বাস্থ্য সংবাদ ব্রেকিং

নিজস্ব প্রতিবেদক
  ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৬ পি এম

ডিজিএফআই কর্মকর্তা পরিচয়ে স্বাস্থ্য অধিদপ্তরে কর্মকর্তাকে হুমকির অভিযোগে ব্যক্তি আটক

ছবি: সংগৃহীত

ঢাকা: প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) কর্মকর্তা পরিচয় দিয়ে স্বাস্থ্য অধিদপ্তরে কর্মকর্তাকে হুমকির অভিযোগে মাসুদুর রহমান (৩৪) নামে এক ব্যক্তিকে আটক করেছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের কার্যালয় থেকে তাকে আটক করা হয়। পরে তাকে বনানী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মাসুদুর রহমান গত দুই দিন ধরে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রশাসনিক কর্মকর্তার কাছে একটি ফাইলে স্বাক্ষর নেওয়ার জন্য চাপ দিয়ে আসছিলেন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে তিনি ওই কর্মকর্তার ব্যক্তিগত সহকারীকে ভয়ভীতি দেখিয়ে হুমকি দেন।

এ সময় তিনি ওই ব্যক্তিকে বলেন, ‘তোমার নামে অনেক রিপোর্ট আছে, তোমাকে দেখে নেব।’

ঘটনাটি সেখানে দায়িত্ব পালনরত আনসার সদস্যদের নজরে এলে তারা মাসুদুর রহমানকে জিজ্ঞাসাবাদ করেন। তার পরিচয় ও কর্মকাণ্ড সম্পর্কে জানতে চাইলে কথাবার্তায় অসঙ্গতি পাওয়া যায়।

একপর্যায়ে ডিজিএফআই কর্মকর্তা পরিচয়ে প্রতারণার চেষ্টার বিষয়টি স্পষ্ট হলে আনসার সদস্যরা তাকে আটক করেন।

পরে বিষয়টি বনানী থানা পুলিশকে জানানো হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে আটক ব্যক্তিকে তাদের কাছে হস্তান্তর করা হয়।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পিসি মো. সাহাবউদ্দীনের নেতৃত্বে এ অভিযানে এপিসি জালাল উদ্দীন, আনসার মনিরুল ইসলাম ও আনসার শ্রী পূর্ণ রায় অংশ নেন।