স্বাস্থ্য সংবাদ ব্রেকিং

নিজস্ব প্রতিবেদক
  ৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ পি এম

শনিবার দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ছবি: সংগৃহীত

ঢাকা: দেশে ডেঙ্গুর সংক্রমণ বাড়তে থাকায় সর্বোচ্চ প্রকোপের আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আগামী  শনিবার (১২ সেপ্টেম্বর) থেকে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু হচ্ছে।

আজ জাতীয় সংসদে কার্যপ্রণালি বিধির ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১২ সেপ্টেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ ঘোষণা করেছেন। আগামী ১২ সেপ্টেম্বর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এ অভিযানের উদ্বোধন করবেন।

তিনি জানান, ডেঙ্গু পরিস্থিতি পর্যালোচনা এবং প্রতিরোধ ও চিকিৎসায় সমন্বিত ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী স্থানীয় সরকার এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করেছেন।

সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত সময়কে ডেঙ্গু সংক্রমণের জন্য বিশেষ ঝুঁকিপূর্ণ উল্লেখ করে মীর শাহে আলম বলেন, এখনই প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া না হলে আগামী তিন মাসে ডেঙ্গু রোগীর সংখ্যা দ্বিগুণ হতে পারে।

অভিযানে সিটি করপোরেশনগুলোর সঙ্গে সমন্বয় করে রেড ক্রিসেন্ট, স্কাউটস, রোভার স্কাউটস, বিএনসিসি, গার্লস গাইড, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের স্বেচ্ছাসেবক দল এবং বিডি ক্লিনসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন অংশ নেবে।

একই সময়ে দেশের অন্যান্য ১১টি সিটি করপোরেশন, ৩৩০টি পৌরসভা, ৬৪টি জেলা প্রশাসন ও ৫০৩টি উপজেলা প্রশাসনেও একই ধরনের কর্মসূচি পালন করা হবে।

দেশব্যাপী প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে। পাশাপাশি সিটি করপোরেশন ও পৌরসভাগুলো প্রতিদিন নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে যাবে।

প্রতিমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ৪৫ হাজার ৪৭৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে প্রায় ৩ হাজার ২০০ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

তিনি জানান, সিলেট, রাজশাহী ও রংপুর বিভাগ ছাড়া দেশের অন্যান্য বিভাগে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক। খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে সংক্রমণ বেশি এবং এসব এলাকায় এডিস মশার প্রজননস্থলও রয়েছে।

ডেঙ্গু প্রতিরোধে বাড়ি, আঙিনা ও ছাদ পরিষ্কার রাখার পাশাপাশি আশপাশে জমে থাকা পানি, আবর্জনা ও এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে জনগণের প্রতি আহ্বান জানান প্রতিমন্ত্রী। জনসচেতনতা বাড়াতে সংসদ সদস্যদেরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

মীর শাহে আলম বলেন, যেসব জেলা ও উপজেলায় ডেঙ্গু পরিস্থিতি বেশি উদ্বেগজনক, সেখানে অতিরিক্ত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীদের জন্য পাঁচটি করে শয্যা সংরক্ষিত রাখা হবে।

সরকারের কাছে পর্যাপ্ত ডেঙ্গু পরীক্ষার কিট ও স্যালাইন মজুত রয়েছে বলেও জানান তিনি। ডেঙ্গু আক্রান্ত রোগীদের মশার কামড় থেকে সুরক্ষিত রাখা এবং তাদের মাধ্যমে অন্যদের মধ্যে ভাইরাসের সংক্রমণ ঠেকাতে হাসপাতালগুলোতেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর মাসে দেশজুড়ে পরিচ্ছন্নতা বজায় রেখে ডেঙ্গুর সংক্রমণ কমিয়ে আনতে সরকারের এই অভিযানে সংসদ সদস্যসহ সর্বস্তরের জনগণকে সহযোগিতা করার আহ্বান জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী।