স্বাস্থ্য সংবাদ ব্রেকিং

নিজস্ব প্রতিবেদক
  ৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৮ পি এম

মানসিক স্বাস্থ্যসেবা দিতে উপজেলা পর্যায়ে আসছে ‘কমিউনিটি মেন্টাল হেলথ’ প্রকল্প

ফাইল ছবি

উপজেলা ও প্রান্তিক পর্যায়ে মানসিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার ‘কমিউনিটি মেন্টাল হেলথ’ নামে একটি বিশেষ প্রকল্প গ্রহণ করেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত।

তিনি বলেন, দেশের প্রান্তিক ও উপজেলা পর্যায়ে মানসিক স্বাস্থ্যসেবার পর্যাপ্ত ব্যবস্থা না থাকা একটি বড় ঘাটতি। এই সংকট দূর করতে প্রকল্পটির আওতায় উপজেলা ও জেলা পর্যায়ের স্বাস্থ্যসেবার সঙ্গে সমন্বিত রেফারেল ব্যবস্থা গড়ে তোলা হবে। পাশাপাশি টেলি-কাউন্সেলিংয়ের মাধ্যমে সাধারণ মানুষকে মানসিক স্বাস্থ্যসেবা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

বুধবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আঁচল ফাউন্ডেশন ও হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট সেন্টার (এইচআরডিসি) আয়োজিত ‘নীরবতা থেকে পদক্ষেপ: তরুণদের আত্মহত্যা নিয়ে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আত্মহত্যা প্রতিরোধে মানসিক স্বাস্থ্যবিষয়ক সচেতনতামূলক কার্যক্রমকে শুধু প্রচারণার মধ্যে সীমাবদ্ধ না রেখে সামাজিক আন্দোলনে পরিণত করার আহ্বান জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী।

এম এ মুহিত বলেন, এই আন্দোলনকে ইতিবাচকভাবে এগিয়ে নিয়ে জনকল্যাণে কাজে লাগাতে হবে। একই সঙ্গে সমাজের প্রত্যেক নাগরিককে মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতন করতে হবে, যাতে মানুষ নিজের পাশাপাশি অন্যের মানসিক সুস্থতা নিশ্চিত করতেও ভূমিকা রাখতে পারে।

সেমিনারে দেশের ডেঙ্গু পরিস্থিতি নিয়েও কথা বলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী। তিনি জানান, সেপ্টেম্বরের শেষ থেকে অক্টোবরের শুরুর দিকে দেশে ডেঙ্গুর সংক্রমণের সর্বোচ্চ পর্যায় বা পিক সময় আসতে পারে। এ পরিস্থিতি মোকাবিলায় সরকার তিন মাসব্যাপী বিশেষ ডেঙ্গু সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করতে যাচ্ছে।

তিনি বলেন, ক্যাম্পেইনের আওতায় স্বেচ্ছাসেবী সংগঠনসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং সাধারণ জনগণকে সম্পৃক্ত করে সম্মিলিতভাবে ডেঙ্গু প্রতিরোধে কার্যক্রম পরিচালনা করা হবে।

সেমিনারে এইচআরডিসির প্রধান নির্বাহী মাহবুবুল হক সভাপতিত্ব করেন।