স্বাস্থ্য সংবাদ ব্রেকিং

শারমিন শাওন, নিজস্ব প্রতিবেদক
  ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫ পি এম

গর্ভাবস্থায় প্যারাসিটামল খেলে কন্যাশিশুর প্রজনন অঙ্গে প্রভাব? নতুন গবেষণায় চমক

ছবি : সংগৃহীত

গর্ভাবস্থায় প্যারাসিটামল খাওয়ার সঙ্গে কন্যাশিশুর ডিম্বাশয় ও জরায়ুর আকারে কিছু পরিবর্তনের সম্পর্ক থাকতে পারে বলে নতুন এক গবেষণায় উঠে এসেছে।তবে গবেষকেরা স্পষ্ট জানিয়েছেন, এতে প্যারাসিটামলই এসব পরিবর্তনের কারণ এমন প্রমাণ পাওয়া যায়নি।

ডেনমার্কের গবেষকেরা ৩০২টি তিন মাস বয়সী কন্যাশিশুর তথ্য বিশ্লেষণ করেন। দেখা যায়, গর্ভে থাকা অবস্থায় প্যারাসিটামলের সংস্পর্শে আসা শিশুদের ডিম্বাশয় ও জরায়ুর গড় আকার কিছুটা ছোট ছিল। ডিম্বাশয়ে থাকা অপরিণত ডিমের সংখ্যাও কম পাওয়া যায়।

গর্ভাবস্থার প্রথম ১৭ সপ্তাহের মধ্যে ওষুধটি ব্যবহারের ক্ষেত্রে কিছু পরিবর্তন বেশি দেখা গেছে।

গবেষকেরা আরও একটি বড় দলের ১ হাজার ২১০ জন মেয়ের তথ্য দেখেছেন। সেখানেও কৈশোরে জরায়ু ডিম্বাশয়ের আকারে কিছু পার্থক্য দেখা গেছে।

তবে এর ফলে ভবিষ্যতে সন্তান ধারণের ক্ষমতা কমে যাবে কি না, বা মেনোপজের সময় বদলাবে কি না, তা এখনো জানা যায়নি। এ বিষয়ে দীর্ঘমেয়াদি গবেষণা প্রয়োজন।

গবেষকেরা বলছেন, এই ফল দেখে গর্ভবতী নারীদের আতঙ্কিত হওয়ার কারণ নেই। বর্তমানে গর্ভাবস্থায় জ্বর বা ব্যথার চিকিৎসায় প্যারাসিটামল ব্যবহারের পরামর্শ দেওয়া হয়।

তবে যেকোনো ওষুধের মতোই গর্ভাবস্থায় চিকিৎসকের পরামর্শ নিয়ে প্রয়োজন অনুযায়ী প্যারাসিটামল ব্যবহার করাই নিরাপদ।

 

সূত্র: রয়টার্স