স্বাস্থ্য সংবাদ ব্রেকিং
ঢাকা: ডেঙ্গু প্রতিরোধে আগামীকাল শনিবার থেকে প্রধানমন্ত্রীর নেতৃত্বে সারাদেশে শুরু হচ্ছে ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান’। একই সঙ্গে দেশব্যাপী জনসচেতনতামূলক কার্যক্রম আরও জোরদার করার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।
শুক্রবার গণমাধ্যমে দেওয়া এক বার্তায় স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, শনিবার সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে প্রধানমন্ত্রী দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করবেন।
তিনি জানান, প্রধানমন্ত্রীর নেতৃত্বে স্বাস্থ্য মন্ত্রণালয়, স্থানীয় সরকার এবং তথ্য মন্ত্রণালয় একযোগে সারাদেশে এ কার্যক্রম পরিচালনা করবে।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেন, ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার বংশবিস্তার রোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস-আদালতসহ আশপাশের এলাকায় কোথাও যাতে পানি জমে না থাকে, সে বিষয়ে নিয়মিত নজর দিতে হবে।
তিনি বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সচেতনতা ও সম্মিলিত অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এডিস মশার প্রজননস্থল ধ্বংস, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে ডেঙ্গুর বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব।
প্রতিমন্ত্রী বলেন, ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে কোনো ধরনের অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। জ্বরসহ ডেঙ্গুর সম্ভাব্য উপসর্গ দেখা দিলে দ্রুত পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা নেওয়ার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে সংশ্লিষ্ট সরকারি দপ্তর, প্রতিষ্ঠান ও স্থানীয় প্রশাসনকে সমন্বিতভাবে পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনার আহ্বান জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী।
তিনি বলেন, ডেঙ্গু মোকাবিলায় শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়; প্রত্যেক নাগরিককে নিজ নিজ বাসস্থান ও কর্মস্থলের আশপাশ পরিষ্কার রাখা এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসে সক্রিয় ভূমিকা রাখতে হবে।