স্বাস্থ্য সংবাদ ব্রেকিং
রাতে গাড়ি চালানোর সময় হেডলাইটের ঝলকানি, চোখে আলোর চারপাশে বলয় বা ঝলমলে রেখা দেখা এবং অন্ধকারে রাস্তা দেখতে অসুবিধায় ভোগা মানুষের জন্য নতুন এক ধরনের আই ড্রপ আশার খবর দিচ্ছে। যুক্তরাষ্ট্রে চালানো দুটি শেষ ধাপের ক্লিনিক্যাল পরীক্ষায় পরীক্ষাধীন আই ড্রপটি রাতের দৃষ্টিশক্তির কিছু সমস্যায় উল্লেখযোগ্য উন্নতি করেছে বলে জানিয়েছে গবেষকরা।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, প্রথম পরীক্ষায় অন্ধকার বা কম আলোতে দেখতে সমস্যা, অতিরিক্ত ঝলকানি, আলোর চারপাশে বলয় এবং ঝলমলে রেখা দেখার মতো সমস্যায় থাকা ১৪৫ জন অংশ নেন। তাদের একাংশকে পরীক্ষাধীন আই ড্রপ এবং অন্যদের প্লাসিবো দেওয়া হয়।
গবেষণায় দেখা যায়, আট দিন পর পরীক্ষাধীন আই ড্রপ ব্যবহারকারীদের ১৩ শতাংশ চোখের পরীক্ষায় অন্তত তিন লাইন বা ১৫ অক্ষরের সমপরিমাণ উন্নতি করেন। প্লাসিবো নেওয়া ব্যক্তিদের মধ্যে এই হার ছিল ৩ শতাংশ। ১৫ দিন পর পরীক্ষাধীন ড্রপ ব্যবহারকারীদের ২১ শতাংশের এমন উন্নতি দেখা যায়, যেখানে প্লাসিবো গ্রুপে কোনো পরিবর্তন দেখা যায়নি।
অংশগ্রহণকারীদের রাতের দৃষ্টিসংক্রান্ত সমস্যার তীব্রতাও মূল্যায়ন করা হয়। পরীক্ষাধীন ড্রপ ব্যবহারের পর ঝলকানি, আলোর চারপাশে বলয় এবং আলোর রেখার মতো সমস্যাও কমেছে বলে অংশগ্রহণকারীরা জানিয়েছেন।
গবেষকদের মতে, আই ড্রপটি চোখের মণির আকার নিয়ন্ত্রণকারী আইরিসের একটি পেশিতে কাজ করে। এর ফলে চোখের মণি কিছুটা সংকুচিত থাকে এবং এর প্রভাব অন্তত ২০ ঘণ্টা স্থায়ী হতে পারে।
গবেষণায় অংশ নেওয়া অনেকেরই আগে কর্নিয়ার আকার পরিবর্তনের চিকিৎসা, যেমন ল্যাসিক সার্জারি, হয়েছিল। এসব চিকিৎসার পর কিছু মানুষের মধ্যে রাতে গাড়ি চালানোর সময় আলো নিয়ে দৃষ্টিসংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে।
এদিকে দ্বিতীয় পর্যায়ের শেষ ধাপের পরীক্ষাতেও প্রাথমিক ফল আশাব্যঞ্জক বলে জানিয়েছে প্রস্তুতকারী প্রতিষ্ঠান। সেখানে গাড়ির বিপরীত দিক থেকে আসা হেডলাইটের কারণে রাস্তা দেখতে সমস্যা এবং ভোর বা সন্ধ্যায় ঝলকানির কারণে দেখতে অসুবিধার ক্ষেত্রেও উন্নতির কথা জানিয়েছেন অংশগ্রহণকারীরা।
তবে আই ড্রপটি এখনো সাধারণ ব্যবহারের জন্য অনুমোদিত নয়। যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) এটিকে ‘ফাস্ট ট্র্যাক’ মর্যাদা দিয়েছে, যা গুরুতর সমস্যা বা চিকিৎসায় অপূর্ণ চাহিদা থাকা কিছু ওষুধের অনুমোদন প্রক্রিয়াকে দ্রুত এগিয়ে নিতে সহায়তা করতে পারে। তবে এই মর্যাদা নিজে থেকে ওষুধটির অনুমোদন বা কার্যকারিতার চূড়ান্ত নিশ্চয়তা নয়।
বিশেষজ্ঞদের মতে, রাতের বেলায় গাড়ি চালানোর সময় ঝলকানি বা কম আলোতে দেখার সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া গুরুত্বপূর্ণ। নতুন কোনো আই ড্রপের পরীক্ষার ফল আশাব্যঞ্জক হলেও অনুমোদন পাওয়ার আগে সেটিকে নিজের মতো করে ব্যবহার করা উচিত নয়।
সূত্র : রয়টার্স