স্বাস্থ্য সংবাদ ব্রেকিং

ডেস্ক প্রতিবেদক
  ২২ অগাস্ট ২০২৬, ০৯:৩১ পি এম

বাংলাদেশ ব্যাংকে মেডিকেল অফিসার পদে ৬১ জন নিয়োগ, আবেদন ২৭ সেপ্টেম্বর পর্যন্ত

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ব্যাংকে ‘মেডিকেল অফিসার’ পদে ৬১ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের আগামী ২৩ আগস্ট থেকে ২৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।

বুধবার (২০ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১ থেকে এ সংক্রান্ত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তির নম্বর ৬৭/২০২৬।

বিজ্ঞপ্তি অনুযায়ী, মেডিকেল অফিসার পদটি নবম গ্রেডের। এ পদে জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী ২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকা বেতন এবং বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।

আবেদনের জন্য প্রার্থীকে স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম এমবিবিএস ডিগ্রিধারী হতে হবে। একই সঙ্গে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) কর্তৃক মেডিকেল প্র্যাকটিশনার হিসেবে নিবন্ধিত হতে হবে।

শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এসএসসি ও এইচএসসি পরীক্ষার মধ্যে ন্যূনতম দুটিতে প্রথম বিভাগ/শ্রেণি অথবা সমমানের জিপিএ থাকতে হবে। শিক্ষা জীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য হবে না। O’ Level ও A’ Level-এর ক্ষেত্রে সমমানের সার্টিফিকেট প্রয়োজন হবে।

প্রার্থীদের বয়স ১ আগস্ট ২০২৬ তারিখে ২১ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে ২৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখ বা তার আগে যাদের এমবিবিএস ডিগ্রির ফলাফল প্রকাশিত হয়েছে বা হবে, তারাও আবেদনের যোগ্য বিবেচিত হবেন।

আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় তথ্য পূরণ করে আবেদন সম্পন্ন করতে হবে।

আবেদন ফি হিসেবে ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এই ফি Bangla QR-এর মাধ্যমে আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে জমা দিতে হবে।

নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য, আবেদনের নিয়ম, শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য শর্ত বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে। প্রার্থীদের আবেদন করার আগে বিজ্ঞপ্তির সব শর্ত ভালোভাবে পড়ে আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে।