স্বাস্থ্য সংবাদ ব্রেকিং

নিজস্ব প্রতিবেদক
  ২৩ অক্টোবর ২০২৬, ০৩:১৯ পি এম

সরকারি চাকরিজীবীদের স্বাস্থ্য কার্ড পেতে অনলাইনে প্রোফাইল যাচাইয়ের নির্দেশ

ফাইল ছবি

ঢাকা: সরকারি চাকরিজীবী ও তাঁদের পরিবারের সদস্যদের হাসপাতালের চিকিৎসাসেবা গ্রহণ এবং স্বাস্থ্য কার্ড সংগ্রহের প্রক্রিয়া সহজ করতে ‘মাই প্রোফাইল’ পোর্টালে নিবন্ধন, প্রোফাইল অনুমোদন ও তথ্য যাচাইয়ের নির্দেশনা দেওয়া হয়েছে।

আগে থেকে নিবন্ধিত রোগীদের নতুন করে অ্যাকাউন্ট না খুলে ওটিপির মাধ্যমে পাসওয়ার্ড তৈরি করে পুরোনো প্রোফাইলে প্রবেশ করতে হবে।

আর স্বাস্থ্য কার্ডের জন্য প্রয়োজনীয় কাগজপত্র অনলাইনে আপলোড করার পর প্রোফাইলে টিক চিহ্ন দেখা গেলে হাসপাতালের ১০৮ নম্বর কক্ষ থেকে কার্ড সংগ্রহ করা যাবে।

নির্দেশনা অনুযায়ী, আগে হাসপাতাল থেকে চিকিৎসাসেবা নেওয়া রোগীরা ‘Get password with OTP’ অপশনে গিয়ে নিবন্ধিত ফোন নম্বর ব্যবহার করে ওটিপির মাধ্যমে নতুন পাসওয়ার্ড সেট করবেন। এরপর প্রোফাইলে লগইন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চিকিৎসাসেবা গ্রহণ করা যাবে।

স্বাস্থ্য কার্ড পেতে প্রোফাইলের ‘Verification’ অপশনে প্রয়োজনীয় সব কাগজপত্র আপলোড করতে হবে। সিস্টেমে যাচাই-বাছাই শেষে প্রোফাইলে টিক চিহ্ন (✓) প্রদর্শিত হলে যেকোনো কর্মদিবসে হাসপাতালের ১০৮ নম্বর কক্ষ থেকে কার্ড সংগ্রহ করা যাবে।

এ জন্য স্বাস্থ্য কার্ডের ভেরিফিকেশন সম্পন্ন করতে হাসপাতালে সরাসরি যাওয়ার প্রয়োজন নেই।

নতুন সরকারি চাকরিজীবী, যাঁরা আগে কখনো সংশ্লিষ্ট হাসপাতাল থেকে চিকিৎসাসেবা নেননি, তাঁদের ‘মাই প্রোফাইল’ পোর্টালে প্রবেশ করে নিচের দিকে থাকা ‘Create account’ অপশনে প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন করতে হবে।

এরপর প্রয়োজনীয় সব মূল কাগজপত্র সঙ্গে নিয়ে পুরুষদের জন্য ৪২৪ নম্বর কক্ষ অথবা নারীদের জন্য ৪২৫ নম্বর কক্ষে গিয়ে প্রোফাইল অনুমোদন করাতে হবে।

প্রোফাইল অনুমোদনের পর পরিবারের সদস্যদের যুক্ত করতে ‘Add another patient’ অপশনে গিয়ে প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে। এ ক্ষেত্রে ‘Patient type’ হিসেবে ‘Dependent’ নির্বাচন করতে হবে এবং ‘Principle ID’ ঘরে সরকারি চাকরিজীবীর প্রোফাইল নম্বর দিতে হবে।

এরপর পরবর্তী ধাপগুলো সম্পন্ন করে আবেদন সাবমিট করতে হবে। পরিবারের সদস্যদের প্রোফাইল অনুমোদনের জন্যও প্রয়োজনীয় সব মূল কাগজপত্র নিয়ে ৪২৪ অথবা ৪২৫ নম্বর কক্ষে যোগাযোগ করতে হবে।

এদিকে, আগে থেকেই নিবন্ধিত থাকা সত্ত্বেও ভুলবশত ‘Create account’ অপশনে নতুন নিবন্ধনের আবেদন করে থাকলে তা বাতিল করতে হবে। এ জন্য ৪২৪ অথবা ৪২৫ নম্বর কক্ষে যোগাযোগ করে নতুন আবেদনটি ডিলিট করাতে হবে।

আবেদনটি বাতিল হওয়ার পর ‘Get password with OTP’ অপশনের মাধ্যমে নতুন পাসওয়ার্ড তৈরি করে আগের প্রোফাইলে লগইন করা যাবে।

মুক্তিযোদ্ধা ক্যাটাগরিতে আবেদনকারীদের ‘Patient type’ হিসেবে ‘General’ এবং ‘Category’ হিসেবে ‘Freedom fighter’ নির্বাচন করতে হবে। প্রোফাইল অনুমোদনের জন্য মুক্তিযোদ্ধার গেজেটের মূল কপি এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে দেওয়া স্মার্ট কার্ডের মূল কপি সঙ্গে রাখতে হবে।

প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষেত্রে ‘Patient type’ হিসেবে ‘General’ এবং ‘Category’ হিসেবে ‘Golden citizen’ নির্বাচন করতে হবে। প্রোফাইল অনুমোদনের সময় সমাজসেবা অধিদপ্তর থেকে দেওয়া সুবর্ণ নাগরিক কার্ডের মূল কপি এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অথবা জন্মনিবন্ধনের মূল কপি দেখাতে হবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, প্রোফাইল অনুমোদনের জন্য হাসপাতালে যাওয়ার সময় প্রয়োজনীয় সব কাগজপত্রের মূল কপি সঙ্গে রাখতে হবে।

পুরুষ ও নারী আবেদনকারীদের জন্য নির্ধারিত যথাক্রমে ৪২৪ ও ৪২৫ নম্বর কক্ষে এসব কাগজপত্রসহ যোগাযোগ করতে হবে।

স্বাস্থ্য কার্ড সংগ্রহের ক্ষেত্রে আবেদনকারীদের বিশেষভাবে প্রোফাইলের ‘Verification’ অপশনে প্রয়োজনীয় নথি আপলোড করে রাখতে হবে।

যাচাই-বাছাই শেষে প্রোফাইলে টিক চিহ্ন দেখা গেলে ১০৮ নম্বর কক্ষ থেকে কার্ড সংগ্রহ করা যাবে। এ প্রক্রিয়ায় কার্ডের ভেরিফিকেশনের জন্য হাসপাতালে উপস্থিত হওয়ার প্রয়োজন নেই।