স্বাস্থ্য সংবাদ ব্রেকিং

নিজস্ব প্রতিবেদক
  ১৭ অক্টোবর ২০২৬, ০৯:৫৯ পি এম

দৃষ্টি প্রতিবন্ধীদের সমান অধিকার নিশ্চিত করতে হবে: পানিসম্পদ মন্ত্রী

ফাইল ছবি

ঢাকা: দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের নিরাপদ চলাচল, মর্যাদা, স্বাধীনতা ও সমান অধিকার নিশ্চিত করতে সরকার, বেসরকারি প্রতিষ্ঠান ও সর্বসাধারণকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

তিনি বলেন, একটি অন্তর্ভুক্তিমূলক ও মানবিক সমাজ গড়ে তুলতে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষা, কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা এবং সামাজিক কর্মকাণ্ডে সমান অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করা জরুরি।

শনিবার (১৭ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের অধ্যাপক মুজাফফর আহমেদ চৌধুরী অডিটোরিয়ামে ‘বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস-২০২৬’ উপলক্ষে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে সাদা ছড়ি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে ১০৭ জন দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীর মধ্যে সাদা ছড়ি বিতরণ করা হয়।

পানিসম্পদ মন্ত্রী বলেন, সাদা ছড়ি দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের স্বাধীনভাবে চলাচলের একটি গুরুত্বপূর্ণ সহায়ক উপকরণ। এটি তাঁদের আত্মবিশ্বাস, স্বনির্ভরতা ও নিরাপদ চলাচলের প্রতীক। দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি সহমর্মিতা প্রদর্শনের পাশাপাশি তাঁদের অধিকার ও সক্ষমতার প্রতি শ্রদ্ধাশীল হওয়া সবার দায়িত্ব।

তিনি বলেন, দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের চলাচল নির্বিঘ্ন করতে ফুটপাত, সড়ক, গণপরিবহন ও সরকারি স্থাপনাসহ জনসাধারণের ব্যবহার্য স্থানগুলো প্রতিবন্ধীবান্ধব করা প্রয়োজন। এসব স্থানে উপযোগী ব্যবস্থা নিশ্চিত করা গেলে তাঁরা আরও স্বাধীনভাবে চলাচল করতে পারবেন এবং সামাজিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশ নিতে পারবেন।

মন্ত্রী আরও বলেন, দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তোলা, তাঁদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সমাজের সর্বস্তরে অংশগ্রহণের সুযোগ বাড়াতে সবাইকে এগিয়ে আসতে হবে। তাঁদের প্রতি সহমর্মিতার পাশাপাশি অধিকার ও সক্ষমতাকে গুরুত্ব দিয়ে সমান সুযোগ নিশ্চিত করা প্রয়োজন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল মোজাদ্দেদী আলফেছানীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, কলা অনুষদের ডিন অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. মো. আতিকুল ইসলাম।