স্বাস্থ্য সংবাদ ব্রেকিং
ঢাকা: ঘন ঘন বৃষ্টিপাতের কারণে এ বছর ডেঙ্গুর প্রকোপ বেড়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. আ.ন.ম. বজলুর রশীদ।
তিনি আশা প্রকাশ করে বলেছেন, অক্টোবরের মধ্যেই ডেঙ্গু পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।
বৃহস্পতিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্য সচিব বলেন, ডেঙ্গু পরিস্থিতির অবনতি হঠাৎ করে হয়নি। গত বছর ও তার আগের বছরেও বিপুলসংখ্যক মানুষ এ রোগে আক্রান্ত হয়েছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি রোগীদের যথাযথ চিকিৎসা দেওয়া হচ্ছে। ওষুধ, স্যালাইনসহ প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রীর পর্যাপ্ত সরবরাহ রয়েছে বলেও জানান তিনি।
ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দেশব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চলছে উল্লেখ করে সচিব বলেন, যেসব এলাকায় ডেঙ্গুর প্রকোপ বেশি, সেসব এলাকা নিয়মিত পরিদর্শন করা হচ্ছে। দেশের আট থেকে ১০টি ডেঙ্গু হটস্পটের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ অন্যতম। জেলাটিকে রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। বৃহস্পতিবারও জেলা হাসপাতালে দেড় শতাধিক ডেঙ্গু রোগী ভর্তি ছিলেন।
তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার বিকল্প নেই। বাড়ির আশপাশ পরিষ্কার রাখতে হবে এবং কোথাও যেন বৃষ্টির পানি জমে না থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। পাশাপাশি বাড়ি ও হাসপাতালে মশারি ব্যবহারের ওপর গুরুত্ব দেন তিনি।
হাসপাতাল পরিদর্শনকালে রান্নাঘরের অপরিচ্ছন্ন পরিবেশ দেখে অসন্তোষ প্রকাশ করেন স্বাস্থ্য সচিব। এ সময় তিনি জানান, চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালসহ জেলার পাঁচটি উপজেলা হাসপাতালের রান্নাঘর আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হবে। কাঠের খড়ির পরিবর্তে গ্যাসে রান্নার ব্যবস্থা করা হবে।
পরিদর্শনকালে জেলা পরিষদের প্রশাসক ও বিএনপি নেতা হারুনুর রশিদ হাসপাতালের বিভিন্ন সীমাবদ্ধতা তুলে ধরেন। একই সঙ্গে রোগী ও তাঁদের স্বজনদের হাসপাতাল কর্তৃপক্ষকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
পরে স্বাস্থ্য সচিব হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, রান্নাঘর ও আশপাশের এলাকা ঘুরে দেখেন। এ সময় স্বাস্থ্য বিভাগ ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, চিকিৎসক, জনপ্রতিনিধি এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।