স্বাস্থ্য সংবাদ ব্রেকিং
ঢাকা: দেশের ক্যান্সার হাসপাতালগুলোতে দ্রুত রেডিওথেরাপি মেশিন স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এ ছাড়া মেশিন ক্রয়ের ক্ষেত্রে শুল্কমুক্ত সুবিধা দেওয়ার ব্যবস্থা করা হবে বলেও জানিয়েছেন তিনি।
সোমবার রাজধানীর মহাখালীতে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে ‘জাতীয় ক্যান্সার সম্মেলন ২০২৬’-এর অংশ হিসেবে আয়োজিত ‘সবার জন্য ক্যান্সার সেবা: প্রতিরোধ, নির্ভুল চিকিৎসা, উপশমমূলক পরিচর্যা ও নীতিনির্ধারণের সমন্বয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ক্যান্সার চিকিৎসার মেশিন স্থাপন ও অপসারণের ক্ষেত্রে দীর্ঘসূত্রিতা থাকবে না। রোগীরা যাতে নিজ দেশেই আধুনিক চিকিৎসাসেবা পেতে পারেন, সে লক্ষ্যে দেশের ক্যান্সার হাসপাতালগুলোতে দ্রুত রেডিওথেরাপি মেশিন স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি বলেন, ক্যান্সার প্রতিরোধে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে সরকার। স্বাস্থ্য খাতের বাজেটের একটি বড় অংশ ক্যান্সার চিকিৎসায় ব্যবহার করা হবে।
সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, দেশে আধুনিক চিকিৎসাযন্ত্র পরিচালনার জন্য প্রয়োজনীয় জনবল ও টেকনোলজিস্ট রয়েছেন। নতুন প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে প্রয়োজনে তাঁদের আগামী তিন মাস প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হবে।
স্বাস্থ্য খাতের অতীতের অব্যবস্থাপনার সমালোচনা করে মন্ত্রী বলেন, ১৭ বছরের শাসনামলে স্বাস্থ্য খাত অনেক পিছিয়ে গেছে। এখন এ খাতে কারও গাফিলতি সহ্য করা হবে না। দায়িত্ব পালনে অবহেলা করলে সংশ্লিষ্ট ব্যক্তিদের চাকরি থাকবে না বলেও সতর্ক করেন তিনি।
জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মোস্তফা আজিজ সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. ফারহাদ হালিম ডালিম, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী এবং স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. জাহিদ রায়হান প্রমুখ।
ক্যান্সার চিকিৎসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণ, প্রয়োজনীয় জনবলকে প্রশিক্ষিত করা এবং চিকিৎসাসেবায় দীর্ঘসূত্রিতা কমানোর মাধ্যমে দেশের রোগীদের জন্য উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করার বিষয়টি সম্মেলনের আলোচনায় গুরুত্ব পায়।