স্বাস্থ্য সংবাদ ব্রেকিং
ঢাকা: গাজীপুরের টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের ওষুধ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ ফায়ার সার্ভিসের দুই কর্মকর্তাকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তারা চিকিৎসকদের সার্বক্ষণিক তত্ত্বাবধানে রয়েছেন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন এ তথ্য জানান।
আহত দুই কর্মকর্তা হলেন ওয়্যারহাউজ ইন্সপেক্টর নূর উদ্দিন ও জহিরুল ইসলাম। এ ঘটনায় আহত অপর সদস্য ফায়ারফাইটার কালামকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
এর আগে বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টা ১৫ মিনিটে গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকার বেক্সিমকো সড়কে অবস্থিত ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের ওষুধ কারখানায় আগুন লাগে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে সেনাবাহিনী ও বিজিবির সদস্যরাও আগুন নিয়ন্ত্রণে সহযোগিতা করেন।
প্রায় সাড়ে চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিসের তিন সদস্য আহত হন। এর মধ্যে দুজনকে উন্নত চিকিৎসা ও পর্যবেক্ষণের জন্য জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রাখা হয়েছে।