স্বাস্থ্য সংবাদ ব্রেকিং
ঢাকা: জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষে চালকদের দৃষ্টিশক্তি পরীক্ষা ও বিনামূল্যে চশমা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম এমপি।
আজ রোববার বাংলাদেশ সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের মিনি কনফারেন্স রুমে এ কর্মসূচির আয়োজন করা হয়। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং ভিশনস্প্রিং বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির আওতায় রাষ্ট্রপতির কার্যালয়, প্রধানমন্ত্রীর কার্যালয় ও মন্ত্রিপরিষদ বিভাগসহ ৩৯টি মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট কার্যালয়ের প্রায় ৩০০ জন চালকের দৃষ্টিশক্তি পরীক্ষা করা হবে।
কর্মসূচির আওতায় চালকদের দৃষ্টিশক্তি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে চশমা দেওয়া হবে। পাঁচ দিনব্যাপী এ কার্যক্রম ১৮ ও ১৯ অক্টোবর এবং ২৫ থেকে ২৭ অক্টোবর পর্যন্ত চলবে। এ সময়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও কার্যালয়ের চালকদের দৃষ্টিশক্তি পরীক্ষা করা হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক। এ সময় ভিশনস্প্রিং বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মিশা মাহজাবিন উপস্থিত ছিলেন।
সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে চালকদের দৃষ্টিশক্তির গুরুত্ব বিবেচনায় নিয়ে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। গাড়ি চালানোর সময় সড়কের অবস্থা, ট্রাফিক সংকেত, পথচারী, অন্যান্য যানবাহন এবং সম্ভাব্য বিপদ যথাসময়ে শনাক্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দৃষ্টিশক্তির সমস্যা থাকলে এসব বিষয় স্পষ্টভাবে দেখতে অসুবিধা হতে পারে, যা সড়কে দুর্ঘটনার ঝুঁকি বাড়াতে পারে।
বিশেষ করে পেশাদার চালকদের দীর্ঘ সময় ধরে গাড়ি চালাতে হয়। তাঁদের অনেককে ব্যস্ত সড়ক, মহাসড়ক ও জনবহুল এলাকায় যানবাহন পরিচালনা করতে হয়। এ অবস্থায় দৃষ্টিশক্তি স্বাভাবিক রাখা এবং কোনো সমস্যা দেখা দিলে দ্রুত পরীক্ষা করানো জরুরি। নিয়মিত দৃষ্টিশক্তি পরীক্ষা চালকদের স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং নিরাপদে যানবাহন চালানোর সক্ষমতা বজায় রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
এ কর্মসূচির মাধ্যমে চালকদের দৃষ্টিশক্তির সমস্যা শনাক্ত করার পাশাপাশি প্রয়োজনীয় চশমা সরবরাহের সুযোগ তৈরি হবে। এতে চালকেরা তাঁদের দৃষ্টিসংক্রান্ত সমস্যার বিষয়ে জানতে পারবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবেন। একই সঙ্গে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও দৃষ্টিশক্তির যত্ন নেওয়ার বিষয়ে তাঁদের মধ্যে সচেতনতা বাড়বে বলে আশা করা হচ্ছে।
সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সড়ক অবকাঠামোর উন্নয়ন ও ট্রাফিক আইন প্রয়োগের পাশাপাশি চালকদের শারীরিক সক্ষমতা এবং স্বাস্থ্যগত বিষয়গুলোও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। চালকের দৃষ্টিশক্তি ও শারীরিক সুস্থতা নিরাপদ যাত্রার সঙ্গে সরাসরি সম্পর্কিত। তাই চালকদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করা দুর্ঘটনার ঝুঁকি কমানোর প্রচেষ্টায় সহায়ক হতে পারে।
সংশ্লিষ্টদের আশা, জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আয়োজিত এ কর্মসূচি চালকদের স্বাস্থ্যসচেতনতা বাড়ানোর পাশাপাশি নিরাপদ সড়ক গড়ে তোলার উদ্যোগকে আরও জোরদার করবে। দৃষ্টিশক্তির সমস্যা শনাক্ত করে প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে চশমা সরবরাহের মাধ্যমে চালকদের নিরাপদে যানবাহন চালানোর সুযোগ তৈরিতে এ কার্যক্রম ভূমিকা রাখবে।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং ভিশনস্প্রিং বাংলাদেশের যৌথ উদ্যোগে বাস্তবায়িত এ কর্মসূচির মূল লক্ষ্য চালকদের দৃষ্টিশক্তি পরীক্ষা, প্রয়োজনীয় চশমা সরবরাহ এবং সড়ক নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা।