স্বাস্থ্য সংবাদ ব্রেকিং

নিজস্ব প্রতিবেদক
  ১৬ অক্টোবর ২০২৬, ০৮:৫৮ পি এম

স্বাস্থ্য খাতে বদলি-পদায়নে অটোমেশন চালু, প্রথম ধাপে ৯৫ জন চিকিৎসক বদলি

ফাইল ছবি

ঢাকা: স্বাস্থ্য খাতে বদলি ও পদায়নে স্বচ্ছতা নিশ্চিত করতে অটোমেশন পদ্ধতি চালু করেছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়। এ পদ্ধতির প্রথম ধাপে ৯৫ জন জুনিয়র কনসালট্যান্টকে বদলি ও পদায়ন করা হবে। পর্যায়ক্রমে স্বাস্থ্যসেবা বিভাগের সব পদের বদলি ও পদায়ন অটোমেশনের আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর)  সচিবালয়ে স্বাস্থ্য খাতে বদলি ও পদায়নের অটোমেশন ব্যবস্থার উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন।

এ উদ্যোগকে ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, উপজেলা পর্যায়ে ৯৫ জন চিকিৎসককে অটোমেশন পদ্ধতিতে বদলি করা হবে, যেখানে কোনো ধরনের পক্ষপাতিত্ব থাকবে না।

চিকিৎসকদের নিজ নিজ উপজেলায় পদায়নের বিষয়ে তিনি বলেন, চিকিৎসকদের অনুভূতি ও পছন্দকে গুরুত্ব দিয়ে তাঁদের নিজ নিজ উপজেলায় পদায়নের নির্দেশনা রয়েছে। অটোমেশনের মাধ্যমে অন্য উপজেলায় পদায়ন হলে সংশ্লিষ্ট চিকিৎসকের উপজেলা যাচাই করে তাঁদের নিজ নিজ উপজেলায় পদায়নের বিষয়টি বিবেচনা করা হবে।

প্রথম ধাপে ৯৫ জন চিকিৎসকের বদলি ও পদায়নের ফলাফল পর্যালোচনা করে ভবিষ্যৎ কার্যক্রমের প্রস্তুতি নেওয়া হবে জানিয়ে মন্ত্রী বলেন, পর্যায়ক্রমে পুরো মন্ত্রণালয়কে অটোমেশন পদ্ধতির আওতায় আনা সম্ভব।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত বলেন, সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই স্বাস্থ্য খাতে বড় ধরনের পরিবর্তন, সংস্কার এবং অনিয়ম দূর করে নিয়মতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করছে। এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রীর নির্দেশে বদলি ও পদায়নে অটোমেশন চালু করা হয়েছে।

স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব ডা. উম্মেহানী বলেন, সরকারি কার্যক্রমে অটোমেশন নিশ্চিত করা এবং প্রশাসনিক প্রক্রিয়াকে আরও আধুনিক, স্বচ্ছ ও গতিশীল করা সরকারের গুরুত্বপূর্ণ অগ্রাধিকার।

তিনি আশা প্রকাশ করেন, সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে মেধা, জ্যেষ্ঠতা ও স্বচ্ছতার ভিত্তিতে নির্ধারিত মানদণ্ড অনুসরণ করে বদলি ও পদায়ন কার্যক্রম পরিচালিত হবে।