স্বাস্থ্য সংবাদ ব্রেকিং
ঢাকা: চিকিৎসাসেবা নিতে এসে রোগী ও স্বজনদের কী ধরনের সমস্যার মুখোমুখি হতে হচ্ছে, তা সরাসরি জানতে রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে আকস্মিক পরিদর্শনে গেলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
শুক্রবার দুপুরের এ পরিদর্শনে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও বিভাগ ঘুরে দেখেন তিনি। বিশেষ করে ডেঙ্গু ইউনিটের কার্যক্রমসহ রোগীদের চিকিৎসা পাওয়ার পরিস্থিতি পর্যবেক্ষণ করেন স্বাস্থ্যমন্ত্রী।
পরিদর্শনের একপর্যায়ে ভর্তি রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় চিকিৎসক ও নার্সদের দায়িত্ব পালনের বিষয়ে একাধিক অভিযোগ তাঁর কাছে তুলে ধরেন রোগী ও স্বজনরা।
তাদের অভিযোগ, জরুরি প্রয়োজনে অনেক সময় চিকিৎসকদের পাওয়া যায় না। দায়িত্বে থাকা নার্সদের বিরুদ্ধেও অবহেলা ও অসহযোগিতার অভিযোগ রয়েছে বলে জানান তারা।
রোগীদের কাছ থেকে এসব অভিযোগ শোনার পর হাসপাতাল কর্তৃপক্ষের কার্যক্রম নিয়ে অসন্তোষ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি অভিযোগগুলো যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনার কথা জানান।
সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসা মানুষের সঙ্গে কোনো ধরনের অবহেলা করা যাবে না। চিকিৎসক, নার্সসহ সংশ্লিষ্ট সবাইকে দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।
তিনি বলেন, হাসপাতালে অনিয়ম, দুর্নীতি কিংবা দায়িত্বে অবহেলার কোনো অভিযোগ পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে দেখা হবে। অভিযোগের সত্যতা মিললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘হয় আমি থাকব, না হয় হাসপাতালে অনিয়ম-দুর্নীতি থাকবে।’ তাঁর এ বক্তব্যের মাধ্যমে সরকারি হাসপাতালের চিকিৎসাসেবায় অনিয়মের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের বিষয়টি স্পষ্ট করেন তিনি।
মুগদা জেনারেল হাসপাতালের সামগ্রিক সেবার মান উন্নয়নে নিয়মিত তদারকি বাড়ানোর কথাও জানান স্বাস্থ্যমন্ত্রী। পাশাপাশি চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল হওয়ার নির্দেশ দেন তিনি।