স্বাস্থ্য সংবাদ ব্রেকিং

গ্রামীণ স্বাস্থ্য ডেস্ক, স্থানীয় প্রতিনিধি
  ৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৪ পি এম

জেলি ও হাইড্রোজেন পার-অক্সাইডে তৈরি দুধ, পাবনায় ফার্ম সিলগালা

ছবি: সংগৃহীত

পাবনা: পাবনার সাঁথিয়ায় জেলিজাতীয় পদার্থ ও হাইড্রোজেন পার-অক্সাইড ব্যবহার করে ভেজাল দুধ উৎপাদনের অভিযোগে একটি ডেইরি ফার্মকে দুই লাখ টাকা জরিমানা ও সাময়িকভাবে সিলগালা করা হয়েছে।

এ সময় প্রায় ২ হাজার ৫০০ লিটার ভেজাল দুধ জব্দ করে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।

রোববার (৬ সেপ্টেম্বর) ভোর ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সাঁথিয়া উপজেলার নাগডেমড়া এলাকায় অবস্থিত জুই ডেইরি ফার্মে অভিযান চালায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পাবনা জেলা কার্যালয়। সহকারী পরিচালক মো. মাহমুদ হাসান রনির নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

অভিযানে দুধের পরিমাণ ও ঘনত্ব কৃত্রিমভাবে বাড়ানোর জন্য জেলিজাতীয় পদার্থ এবং দীর্ঘসময় দুধ সংরক্ষণের উদ্দেশ্যে হাইড্রোজেন পার-অক্সাইড ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এ সময় ভেজাল উপাদান হিসেবে রাখা দুই ব্যারেল জেলিজাতীয় পদার্থও জব্দ করা হয়।

এ ঘটনায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪২, ৪৩ ও ৪৫ ধারায় প্রতিষ্ঠানটির মালিক মো. মানিককে দুই লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি জুই ডেইরি ফার্মটি সাময়িকভাবে সিলগালা করা হয়েছে।

অভিযানকালে জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. মাহমুদ আলম এবং আনসার ব্যাটালিয়নের একটি দল সহযোগিতা করে।
ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জেলিজাতীয় পদার্থ ও হাইড্রোজেন পার-অক্সাইড মিশ্রিত ভেজাল দুধ গ্রহণে স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে।

বিশেষ করে শিশুদের পরিপাকতন্ত্র ও রোগ প্রতিরোধ ক্ষমতা পুরোপুরি বিকশিত না হওয়ায় তাদের ঝুঁকি বেশি। এ ধরনের দুধ দীর্ঘদিন গ্রহণ করলে পাকস্থলী ও অন্ত্রের প্রদাহ, বমি, ডায়রিয়া এবং লিভার-কিডনির কার্যক্ষমতা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।

অধিদপ্তর ভোক্তাদের বিশ্বস্ত ও অনুমোদিত উৎস থেকে দুধ কেনার এবং ব্যবহারের আগে ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছে। দুধের রং, গন্ধ বা ঘনত্বে অস্বাভাবিকতা দেখা দিলে তা ব্যবহার না করারও আহ্বান জানানো হয়েছে।

ভেজাল বা নিম্নমানের খাদ্যপণ্যের তথ্য পেলে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হটলাইন ১৬১২১ নম্বরে অভিযোগ করতে বলা হয়েছে।

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ভেজাল, নকল ও অনিরাপদ খাদ্যপণ্যের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে অধিদপ্তর।