স্বাস্থ্য সংবাদ ব্রেকিং

নিজস্ব প্রতিবেদক
  ৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৯ পি এম

সেপ্টেম্বরেই ৫৯৮ মিডওয়াইফের পোস্টিং, চলতি বছরে বড় নিয়োগের আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর

ছবি: সংগৃহীত

ঢাকা: সরকারি চাকরির জন্য সুপারিশপ্রাপ্ত ৫৯৮ জন মিডওয়াইফের নিয়োগ ও পদায়ন চলতি সেপ্টেম্বর মাসের মধ্যেই সম্পন্ন হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী।

একই সঙ্গে চলতি বছরের মধ্যে মিডওয়াইফদের জন্য বড় পরিসরে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের আশ্বাস পাওয়া গেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

মিডওয়াইফদের প্রতিনিধিদের সঙ্গে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রীর বৈঠকে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। গত ৩ সেপ্টেম্বর স্বাস্থ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত ওই সাক্ষাতে ৫৯৮ জন সুপারিশপ্রাপ্ত মিডওয়াইফের নিয়োগ, পদ সৃষ্টি ও পদায়নসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।

সংশ্লিষ্ট প্রতিনিধিদের দাবি, বৈঠকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ৫৯৮ জন সুপারিশপ্রাপ্ত মিডওয়াইফের পোস্ট ও পোস্টিংয়ের প্রক্রিয়া চলতি মাসের মধ্যেই সম্পন্ন হওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

এ বিষয়ে মন্ত্রী স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে আলোচনা করেছেন বলেও প্রতিনিধিরা জানিয়েছেন। একই সঙ্গে সংশ্লিষ্ট দপ্তর থেকে নিয়োগ ও পদায়ন প্রক্রিয়ার সর্বশেষ অগ্রগতি দ্রুত জানাতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে বলে তারা উল্লেখ করেন।

মিডওয়াইফ প্রতিনিধিরা জানান, চলতি বছরের মধ্যেই মিডওয়াইফদের জন্য বড় পরিসরে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের বিষয়ে আশ্বাস দেওয়া হয়েছে।

এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) মিডওয়াইফ প্রতিনিধিরা জিয়া হায়দারের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় চলতি বছরের মধ্যে ন্যূনতম ৫ হাজার মিডওয়াইফ নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশের প্রত্যাশা ও উদ্যোগের কথা জানানো হয়েছে বলে প্রতিনিধিরা দাবি করেন।

দীর্ঘদিন ধরে নিয়োগ ও পদায়ন নিয়ে অপেক্ষায় থাকা মিডওয়াইফদের মধ্যে এ অগ্রগতি নতুন আশার সঞ্চার করেছে।

সংশ্লিষ্টরা বলছেন, ৫৯৮ জন সুপারিশপ্রাপ্ত মিডওয়াইফের নিয়োগ ও পদায়ন দ্রুত সম্পন্ন হওয়া এবং নতুন করে বড় পরিসরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হলে দেশের মাতৃ ও নবজাতক স্বাস্থ্যসেবায় ইতিবাচক প্রভাব পড়বে।

মিডওয়াইফ প্রতিনিধিরা বলেন, দেশের স্বাস্থ্যব্যবস্থায় দক্ষ মিডওয়াইফের সংখ্যা বাড়ানো শুধু কর্মসংস্থানের বিষয় নয়; বরং নিরাপদ মাতৃত্ব এবং মা ও নবজাতকের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ।

তারা আশা প্রকাশ করেন, ৫৯৮ জন সুপারিশপ্রাপ্ত মিডওয়াইফের নিয়োগ দ্রুত বাস্তবায়িত হবে এবং ৫ হাজার বা তার বেশি মিডওয়াইফ নিয়োগের উদ্যোগও বাস্তবে রূপ নেবে।