স্বাস্থ্য সংবাদ ব্রেকিং

নিজস্ব প্রতিবেদক
  ২৪ অগাস্ট ২০২৬, ১০:২৫ পি এম

NIMS প্রোগ্রামে ২৪ নার্সিং ইন্সট্রাক্টরের প্রশিক্ষণ ১ সেপ্টেম্বর থেকে

ফাইল ছবি

নার্সিং ইনস্টিটিউট মনিটরিং সিস্টেম (NIMS) প্রোগ্রামের আওতায় দেশের বিভিন্ন নার্সিং কলেজ ও ইনস্টিটিউটের ২৪ জন নার্সিং ইন্সট্রাক্টরকে বিশেষ প্রশিক্ষণ দেবে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর (DGNM)। আগামী ১ সেপ্টেম্বর থেকে তিন দিনব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।

গত শনিবার (২৩ আগস্ট) অধিদপ্তরের শিক্ষা ও অর্থ শাখা থেকে জারি করা এক আদেশে এ তথ্য জানানো হয়। এতে স্বাক্ষর করেন অধিদপ্তরের পরিচালক (শিক্ষা ও অর্থ) নাহিদ উল মোস্তাক।

আদেশ অনুযায়ী, কানাডার গ্লোবাল অ্যাফেয়ার্সের সহায়তায় পরিচালিত ProNurse Project এবং Cowater International-এর সহযোগিতায় আগামী ১ থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।

প্রশিক্ষণে দেশের বিভিন্ন নার্সিং ও মিডওয়াইফারি কলেজ এবং নার্সিং ইনস্টিটিউটে কর্মরত ২৪ জন নার্সিং ইন্সট্রাক্টর অংশ নেবেন। তারা মৌলভীবাজার, হবিগঞ্জ, সিলেট, খুলনা, যশোর, সাতক্ষীরা, মাগুরা, ঝিনাইদহ, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ভোলা, পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর, সিরাজগঞ্জ, জয়পুরহাট, বগুড়া, কুড়িগ্রাম, রংপুর, নেত্রকোনা ও ময়মনসিংহের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত।

এ ছাড়া নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের দুজন ইন্সট্রাক্টরও প্রশিক্ষণে অংশ নেবেন।

ঢাকা নার্সিং কলেজের জেসমিন আক্তার ও ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যাডভান্সড নার্সিং এডুকেশন অ্যান্ড রিসার্চের (NIANER) ফেরদৌস জাহান প্রশিক্ষণে রিসোর্স পার্সন হিসেবে দায়িত্ব পালন করবেন। একজন সহায়ক কর্মীও প্রশিক্ষণ কার্যক্রমে সহযোগিতা করবেন।

NIMS প্রোগ্রামের আওতায় এ প্রশিক্ষণের মাধ্যমে নার্সিং শিক্ষা প্রতিষ্ঠানের মনিটরিং ও ব্যবস্থাপনা কার্যক্রম আরও কার্যকর করার পাশাপাশি সংশ্লিষ্ট ইন্সট্রাক্টরদের দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হবে।

প্রশিক্ষণটি সফলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সহযোগিতা করার জন্য অনুরোধ জানিয়েছে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর।