স্বাস্থ্য সংবাদ ব্রেকিং
দশম গ্রেড বাস্তবায়ন, স্বতন্ত্র কাউন্সিল গঠন এবং প্রাইভেট প্র্যাকটিস নীতিমালা বাস্তবায়নসহ তিন দফা দাবিতে আগামী ২২ আগস্ট রাজধানীতে মহাসমাবেশের ঘোষণা দিয়েছে বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট পরিষদ (বিএমটিপি)।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২২ আগস্ট ২০২৬ (শনিবার) সকাল ১০টায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।
বিএমটিপির ঘোষিত তিন দফা দাবির মধ্যে রয়েছে, মেডিকেল টেকনোলজিস্টদের জন্য দশম গ্রেড বাস্তবায়ন, স্বতন্ত্র কাউন্সিল গঠন এবং প্রাইভেট প্র্যাকটিস নীতিমালা বাস্তবায়ন।
আয়োজকদের দাবি, দীর্ঘদিন ধরে পেশাগত মর্যাদা ও ন্যায্য অধিকার থেকে বঞ্চিত মেডিকেল টেকনোলজিস্টদের দাবি আদায়ের লক্ষ্যে এই মহাসমাবেশের আয়োজন করা হয়েছে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ভিপি নুরুল হক নূর।
এছাড়া স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিত থাকারও আশা প্রকাশ করেছেন আয়োজকরা।
এদিকে, মহাসমাবেশ সফলভাবে আয়োজনের লক্ষ্যে একটি ‘সমাবেশ বাস্তবায়ন অর্থ কমিটি’ গঠন করা হয়েছে। সমাবেশ সম্পন্ন না হওয়া পর্যন্ত কমিটি দায়িত্ব পালন করবে।
আয়োজকদের ভাষ্য, কমিটির কার্যক্রমে সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে।
বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট পরিষদ (বিএমটিপি) দেশের সকল মেডিকেল টেকনোলজিস্টকে মহাসমাবেশে অংশ নিয়ে দাবি আদায়ের আন্দোলনকে সফল করার আহ্বান জানিয়েছে।