স্বাস্থ্য সংবাদ ব্রেকিং

নিজস্ব প্রতিবেদক
  ২০ জুলাই ২০২৬, ১০:১৮ পি এম

'হাঁটুর ব্যথা মানেই হাঁটু প্রতিস্থাপনের প্রয়োজন নেই'

ফাইল ছবি

প্রশ্ন: হাঁটুর ব্যথা হলেই কি হাঁটু প্রতিস্থাপন (Knee Replacement) অপারেশন করতে হয়?

ডা. মোঃ সাকলায়েন হোসেন (কেনেডী): না, একেবারেই নয়। এটি আমার চেম্বারে সবচেয়ে বেশি করা প্রশ্নগুলোর একটি। অনেকেই মনে করেন, হাঁটুর ব্যথা শুরু মানেই অপারেশন করতে হবে। কিন্তু বাস্তবতা হলো, হাঁটুর ব্যথার অনেক কারণ রয়েছে এবং সব রোগীর চিকিৎসাও এক নয়। অধিকাংশ ক্ষেত্রেই অপারেশন ছাড়াই সফলভাবে চিকিৎসা সম্ভব।

প্রশ্ন: হাঁটুর ব্যথার প্রধান কারণগুলো কী?

উত্তর: হাঁটুর ব্যথার পেছনে বিভিন্ন কারণ থাকতে পারে। বয়সজনিত জোড়ার ক্ষয় বা অস্টিওআর্থ্রাইটিস, লিগামেন্ট ইনজুরি, মেনিস্কাসের সমস্যা, অতিরিক্ত ওজন, খেলাধুলাজনিত আঘাত, প্রদাহ কিংবা অন্যান্য রোগের কারণেও হাঁটুর ব্যথা হতে পারে। তাই আগে ব্যথার প্রকৃত কারণ নির্ণয় করা জরুরি।

প্রশ্ন: অপারেশন ছাড়াও কী কী চিকিৎসা রয়েছে?

উত্তর: অনেক রোগী জীবনযাত্রার পরিবর্তন, ওজন নিয়ন্ত্রণ, ব্যথানাশক ওষুধ, নিয়মিত ফিজিওথেরাপি, প্রয়োজন অনুযায়ী জয়েন্টে ইনজেকশন এবং আর্থোস্কপি (Arthroscopy)-এর মতো আধুনিক চিকিৎসার মাধ্যমে ভালো হয়ে যান। তাই শুরুতেই হাঁটু প্রতিস্থাপনের কথা ভাবার কোনো প্রয়োজন নেই।

প্রশ্ন: তাহলে কখন হাঁটু প্রতিস্থাপন (Knee Replacement) প্রয়োজন হয়?

উত্তর: যখন দীর্ঘদিন ধরে তীব্র ব্যথা থাকে, রোগী স্বাভাবিকভাবে হাঁটাচলা বা দৈনন্দিন কাজ করতে পারেন না, ওষুধ ও ফিজিওথেরাপিসহ অন্যান্য চিকিৎসায় উপকার পাওয়া যায় না এবং এক্স-রে বা অন্যান্য পরীক্ষায় হাঁটুর জোড়ার মারাত্মক ক্ষয় ধরা পড়ে—তখন হাঁটু প্রতিস্থাপনের বিষয়টি বিবেচনা করা হয়। তবে সিদ্ধান্ত নেওয়ার আগে রোগীকে সম্পূর্ণভাবে মূল্যায়ন করা হয়।

প্রশ্ন: শুধু এক্স-রে দেখেই কি অপারেশনের সিদ্ধান্ত নেওয়া যায়?

উত্তর: না। শুধু এক্স-রে দেখে কখনোই অপারেশনের সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। রোগীর উপসর্গ, ব্যথার মাত্রা, হাঁটার সক্ষমতা, শারীরিক পরীক্ষা এবং প্রয়োজনীয় অন্যান্য পরীক্ষার ফল একসঙ্গে বিবেচনা করেই চিকিৎসা পরিকল্পনা করা হয়।

প্রশ্ন: অনেক রোগী অপারেশন নিয়ে ভয় পান। তাদের জন্য আপনার পরামর্শ কী?

উত্তর: ভয় পাওয়ার কিছু নেই। আধুনিক Knee Replacement Surgery এখন অনেক নিরাপদ এবং সফল একটি চিকিৎসা পদ্ধতি। তবে এটি শুধুমাত্র যাদের সত্যিই প্রয়োজন, তাদের জন্য। আবার অনেক রোগী আছেন, যারা সঠিক সময়ে চিকিৎসা নিলে অপারেশন ছাড়াই দীর্ঘদিন ভালো থাকতে পারেন।

প্রশ্ন: সাধারণ মানুষের জন্য আপনার পরামর্শ কী?

উত্তর: হাঁটুর ব্যথাকে অবহেলা করবেন না। ব্যথা দীর্ঘদিন থাকলে নিজে নিজে ওষুধ না খেয়ে অর্থোপেডিক বিশেষজ্ঞের পরামর্শ নিন। নিয়মিত ব্যায়াম করুন, শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখুন এবং প্রয়োজন হলে দ্রুত চিকিৎসা নিন। মনে রাখবেন, সঠিক সময়ে সঠিক চিকিৎসা নিলে অনেক ক্ষেত্রেই অপারেশন এড়ানো সম্ভব।


সাক্ষাৎকারে:
ডা. মোঃ সাকলায়েন হোসেন (কেনেডী)
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য)
ডি-অর্থো, এমএস (অর্থোপেডিক সার্জারি)
এও বেসিক ট্রমা, ফেলোশিপ ইন আর্থোস্কোপিক সার্জারি
সহকারী অধ্যাপক, অর্থোপেডিক সার্জারি
জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল), ঢাকা।