স্বাস্থ্য সংবাদ ব্রেকিং
সিলেট: ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে এডিস মশার লার্ভা ধ্বংস ও মশক নিধনে বিশেষ অভিযান শুরু করেছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)। নগরীর ৪২টি ওয়ার্ডে পর্যায়ক্রমে এ অভিযান পরিচালনা করা হবে।
আজ বুধবার সকালে নগরীর ১ নম্বর ওয়ার্ডের হযরত শাহজালাল (রহ.) মাজার এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করেন সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। উদ্বোধনের পর তিনি নিজেই ফগার মেশিন হাতে মশক নিধন কার্যক্রমে অংশ নেন এবং সংশ্লিষ্ট কর্মীদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন।
আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়াসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সিসিক সতর্ক রয়েছে। নগরীতে মশার উপদ্রব বেড়ে যাওয়ায় বিশেষ এ উদ্যোগ নেওয়া হয়েছে। সিলেটে এ পর্যন্ত শনাক্ত ডেঙ্গু রোগীদের সবাই বাইরে থেকে সংক্রমিত হয়ে এসেছেন বলে উল্লেখ করে তিনি বলেন, বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি জানান, অভিযানের প্রথম ধাপে ১০টি ওয়ার্ডে কার্যক্রম শুরু হয়েছে। স্বাস্থ্য, বর্জ্য ব্যবস্থাপনা ও প্রকৌশল বিভাগের সমন্বয়ে এ কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। সিসিকের কাছে পর্যাপ্ত মশক নিধনের ওষুধ রয়েছে। আগামী এক মাসের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।
মশক নিধনের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্ব দিচ্ছে সিসিক। বাসাবাড়ি ও আঙিনায় পানি জমতে না দেওয়ার বিষয়ে সচেতন করতে মসজিদ, মার্কেট ও মহল্লায় লিফলেট বিতরণ এবং মাইকিং করা হচ্ছে। এ কার্যক্রমে নগরবাসীর সহযোগিতা কামনা করেন সিসিক প্রশাসক।
এ সময় সিসিকের সচিব মো. আশিক নূর, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও মশক নিধনকর্মীরা উপস্থিত ছিলেন।