স্বাস্থ্য সংবাদ ব্রেকিং

নিজস্ব প্রতিবেদক
  ১৪ অক্টোবর ২০২৬, ০৯:০৬ পি এম

বাংলাদেশ থেকে ওষুধ আমদানি বাড়াতে চায় কেনিয়া: পররাষ্ট্র সচিব

ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ থেকে মানসম্মত ও সাশ্রয়ী মূল্যের ওষুধ আমদানি বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে কেনিয়া। একই সঙ্গে ঢাকায় আবাসিক কূটনৈতিক মিশন স্থাপন এবং বাংলাদেশি ওষুধ কোম্পানিগুলোর কেনিয়ায় বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছে দেশটি।

বুধবার (১৪ অক্টোবর) ঢাকায় বাংলাদেশ ও কেনিয়ার মধ্যে পররাষ্ট্র দপ্তরের তৃতীয় দফা পরামর্শ সভায় এসব বিষয়ে আলোচনা হয়।

সভায় বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বিপক্ষীয় বিষয়াবলির সচিব ড. নজরুল ইসলাম। কেনিয়ার প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্র ও প্রবাসী বিষয়ক মন্ত্রণালয়ের রাজনৈতিক ও কূটনৈতিক বিষয়াবলির মহাপরিচালক রাষ্ট্রদূত জোসফাত মাইকারা।

বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ, ওষুধ ও স্বাস্থ্য খাতে সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়। এ ছাড়া কৃষি, তথ্যপ্রযুক্তি, প্রতিরক্ষা, জলবায়ু পরিবর্তন, ব্লু ইকোনমি, সংস্কৃতি ও খেলাধুলার মতো বিষয়ও আলোচনায় স্থান পায়।

এ সময় বাংলাদেশ ওষুধ, তৈরি পোশাক, হালকা প্রকৌশল পণ্য, পাট ও পাটজাত পণ্য এবং কৃষিপণ্য উৎপাদনে নিজেদের সক্ষমতা তুলে ধরে। অন্যদিকে, বাংলাদেশ থেকে ওষুধ আমদানি বাড়ানোর আগ্রহ জানায় কেনিয়া। পাশাপাশি বাংলাদেশে কফি, শিম, তুলা ও প্রক্রিয়াজাত মাংস রপ্তানি করতে চায় দেশটি।

বৈঠকে দ্বৈত কর পরিহার, বিনিয়োগ সুরক্ষা ও প্রসার, ব্লু ইকোনমি এবং চুক্তিভিত্তিক কৃষিসহ বিভিন্ন খাতে ঝুলে থাকা চুক্তি ও সমঝোতা স্মারক দ্রুত সম্পন্ন করার বিষয়ে উভয় পক্ষ একমত হয়।

এ ছাড়া জাতিসংঘ, কমনওয়েলথ এবং ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর জোট ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনে (আইওআরএ) পারস্পরিক সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা হয়। দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের সফর বিনিময় বাড়ানোর বিষয়েও ঐকমত্য প্রকাশ করা হয়।