স্বাস্থ্য সংবাদ ব্রেকিং

নিজস্ব প্রতিবেদক
  ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৮ এএম

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র পুনর্নির্মাণে ৫০ লাখ টাকা দেবে জামায়াত

ফাইল ছবি

ঢাকা: রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্র পুনর্নির্মাণে ৫০ লাখ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সোমবার ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যকেন্দ্রটি পরিদর্শন শেষে দলটির আমির ডা. শফিকুর রহমান এ অনুদানের ঘোষণা দেন।

পরিদর্শনকালে ডা. শফিকুর রহমান ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যকেন্দ্রের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।

তিনি বলেন, প্রাথমিকভাবে যে সহায়তার ঘোষণা দেওয়া হয়েছে তা অব্যাহত থাকবে। প্রয়োজন হলে এলাকার মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে আরও সহযোগিতা করা হবে।

তিনি স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, স্বাস্থ্যকেন্দ্রটি পুনরায় চালু করা জরুরি। বিশেষ করে প্রসূতি মায়েদের সেবা এবং শিশুদের টিকাদান কর্মসূচি যাতে ব্যাহত না হয়, সে জন্য প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।

তিনি ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যকেন্দ্রটি দ্রুত পুনর্নির্মাণ ও চিকিৎসাসেবা পুনরায় চালুর উদ্যোগ নিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

এ সময় জামায়াতের ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম, ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য কর্নেল (অব.) আবদুল বাতেন, সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, ডা. ফখরুদ্দিন মানিকসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।