স্বাস্থ্য সংবাদ ব্রেকিং
ঢাকা: জাপানে নার্সিং কেয়ার ও নার্সিং অ্যাসিস্ট্যান্ট পদে বাংলাদেশি কর্মী নিয়োগ দেবে ফ্লেয়ার বাংলাদেশ। প্রতিষ্ঠানটি এ পদে ২০ জন কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
বিডিজবসের বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্বাচিতদের মাসিক বেতন ২ লাখ থেকে ৩ লাখ টাকা। চাকরির কর্মস্থল হবে জাপান এবং এটি পূর্ণকালীন পদ।
আবেদনের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা সমমান। তবে ডিপ্লোমা ইন নার্সিং, বিএসসি ইন নার্সিং অথবা সংশ্লিষ্ট স্বাস্থ্যসেবা ও কেয়ারগিভিং বিষয়ে যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। প্রার্থীদের বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে।
নির্বাচিত প্রার্থীদের জাপানে যাওয়ার আগে ‘জাপান রেডি প্রোগ্রাম’-এর মাধ্যমে প্রস্তুত করা হবে। এ প্রশিক্ষণের আওতায় জাপানি ভাষা, জেএফটি-বেসিক বা জেএলপিটি এন-৪ পর্যায়ের ভাষাজ্ঞান, কেয়ারগিভিং-সংক্রান্ত দক্ষতা, জাপানের কর্মপরিবেশ, জীবনযাপন, সংস্কৃতি ও কর্মক্ষেত্রের শিষ্টাচার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।
কর্মীদের হাসপাতাল, বয়স্কদের আবাসিক পরিচর্যা কেন্দ্র, নার্সিং কেয়ার প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্বাস্থ্যসেবা ও কেয়ারগিভিং প্রতিষ্ঠানে কাজ করতে হবে। তাদের দায়িত্বের মধ্যে রোগী ও বয়স্কদের দৈনন্দিন কাজে সহায়তা, ব্যক্তিগত পরিচর্যা, গোসল, পোশাক পরানো, খাবার খাওয়ানো, চলাফেরায় সহায়তা এবং রোগীর নিরাপত্তা ও পরিচ্ছন্নতা নিশ্চিত করা রয়েছে।
এ ছাড়া নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের রোগী পরিচর্যায় সহায়তা, রোগীর শারীরিক অবস্থার পরিবর্তন পর্যবেক্ষণ করে সংশ্লিষ্টদের জানানো এবং স্বাস্থ্যসেবা, সংক্রমণ নিয়ন্ত্রণ ও কর্মক্ষেত্রের নিরাপত্তাবিধি মেনে চলতে হবে।
আগ্রহী প্রার্থীদের ৩১ অক্টোবর ২০২৬-এর মধ্যে আবেদন করতে হবে।