স্বাস্থ্য সংবাদ ব্রেকিং

নিজস্ব প্রতিবেদক
  ১৩ জুলাই ২০২৬, ১০:১৫ পি এম

বাংলাদেশ ও উগান্ডার ৪ লাখ শিশুর জন্য খেলাভিত্তিক শিক্ষা কর্মসূচি ‘স্প্ল্যাশ’ চালু করল ব্র্যাক ও লেগো ফাউন্ডেশন

ছবি: সংগৃহীত

মানবিক সংকটে ক্ষতিগ্রস্ত শিশুদের শিক্ষা, মানসিক বিকাশ ও সুরক্ষা নিশ্চিত করতে পাঁচ বছর মেয়াদি ‘স্প্ল্যাশ’ (SPLASH) কর্মসূচি চালু করেছে ব্র্যাক ও লেগো ফাউন্ডেশন। এই উদ্যোগের আওতায় বাংলাদেশ ও উগান্ডার চার লাখ শিশু খেলাভিত্তিক শিক্ষার সুযোগ পাবে। এ কর্মসূচিতে দুই সংস্থা যৌথভাবে ৫ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ বলেন, কক্সবাজারে অতিবৃষ্টি ও ভূমিধসের কারণে রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দারা চরম দুর্ভোগে পড়েছেন। এমন প্রতিকূল পরিস্থিতিতেও ব্র্যাক সেখানে শিশুদের প্রারম্ভিক বিকাশ, খেলাধুলা, মানসিক স্বাস্থ্য এবং মৌলিক অধিকার নিশ্চিত করতে কাজ করছে। তিনি জানান, গত তিন বছর ধরে কম খরচে টেকসই মডেলের মাধ্যমে রোহিঙ্গা ক্যাম্পে কমিউনিটি স্বাস্থ্যসেবা, ওয়ান-রুম স্কুল এবং পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করছে ব্র্যাক।

ব্র্যাকের স্বাস্থ্য কর্মসূচি ও মানবিক সংকট ব্যবস্থাপনা কর্মসূচির ঊর্ধ্বতন পরিচালক মো. আকরামুল ইসলাম বলেন, বর্তমানে দেশের ৪৩টি জেলা ও সাতটি সিটি করপোরেশনে মা ও শিশু স্বাস্থ্য, পুষ্টি এবং মানসিক স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে। পাশাপাশি ৬১টি জেলায় চক্ষুসেবা এবং রোহিঙ্গা ক্যাম্পে প্রায় তিন লাখ মানুষকে জরুরি চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। খেলাধুলার মাধ্যমে শিশুদের প্রারম্ভিক বিকাশ এবং মায়েদের মানসিক সুস্থতা নিশ্চিত করতেও ব্র্যাক কাজ করছে।

লেগো ফাউন্ডেশনের আন্তর্জাতিক কর্মসূচির প্রধান তারেক আলামি বলেন, প্রাথমিক স্বাস্থ্যসেবা ও শিশুদের সার্বিক উন্নয়নে বাংলাদেশে ব্র্যাকের সঙ্গে যৌথভাবে কাজ চালিয়ে যাবে লেগো ফাউন্ডেশন।

অনুষ্ঠানে এনজিও–বিষয়ক ব্যুরোর মহাপরিচালক (সচিব) মোহাম্মদ জাকারিয়া রোহিঙ্গা কমিউনিটিতে এই উদ্যোগের সফল বাস্তবায়নের আশা প্রকাশ করেন। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের (আরআরআরসি) অতিরিক্ত সচিব মোহাম্মদ মিজানুর রহমান কর্মসূচিটি দেশের প্রত্যন্ত এলাকাতেও সম্প্রসারণের আহ্বান জানান।

আয়োজকদের তথ্যমতে, বর্তমানে বিশ্বে ৪৭ কোটি ৩০ লাখের বেশি শিশু সংঘাত ও মানবিক সংকটের মধ্যে বসবাস করছে। এর মধ্যে ৫ কোটি ২০ লাখের বেশি শিশু বিদ্যালয়ের বাইরে রয়েছে। এসব এলাকায় শিক্ষা, সুরক্ষা এবং মানসিক-সামাজিক সহায়তার সুযোগ অত্যন্ত সীমিত।

এই বাস্তবতায় ব্র্যাক ও লেগো ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে বাস্তবায়িত ‘স্প্ল্যাশ’ কর্মসূচির আওতায় বাংলাদেশে ২০২৬ সালের জুন থেকে ২০২৮ সালের ডিসেম্বর পর্যন্ত জন্ম থেকে ১৮ বছর বয়সী শিশুদের খেলাভিত্তিক শিক্ষা, প্রাক্-প্রাথমিক ও প্রাথমিক শিক্ষায় অংশগ্রহণ, জীবনদক্ষতা উন্নয়ন, কারিগরি প্রশিক্ষণ, মেন্টরশিপ, জীবিকায়নের সুযোগ এবং স্থানীয় সম্প্রদায়ের সম্পৃক্ততা জোরদার করা হবে। পাশাপাশি অভিভাবক ও শিক্ষকদের সক্ষমতা বৃদ্ধিতেও কাজ করা হবে।

অনুষ্ঠানে শিশুদের বিকাশে খেলাভিত্তিক শিক্ষার গুরুত্ব তুলে ধরেন ব্র্যাক ইনস্টিটিউট অব এডুকেশনাল ডেভেলপমেন্ট (বিআইইডি)-এর নির্বাহী পরিচালক ড. ইরাম মরিয়াম। স্বাগত বক্তব্য দেন ব্র্যাক ইন্টারন্যাশনালের আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট অ্যান্ড এডুকেশন (গ্লোবাল) কর্মসূচির প্রধান ডা. রাফিয়াত রশীদ। এছাড়া উন্নয়ন সহযোগী সংস্থা, সরকারি প্রতিষ্ঠান ও বিভিন্ন অংশীজনের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন।