স্বাস্থ্য সংবাদ ব্রেকিং
পেশাগত বিভিন্ন দাবি ও অধিকার আদায়ের লক্ষ্যে তিন দিনব্যাপী দেশব্যাপী ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ডেন্টাল পরিষদ (বিডিপি)। সংগঠনটির কেন্দ্রীয় নেতারা জানিয়েছেন, ডেন্টাল পেশাজীবীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, পেশাগত মর্যাদা রক্ষা এবং খাতের সার্বিক মানোন্নয়নের দাবিতে এসব শান্তিপূর্ণ কর্মসূচি পালন করা হবে।
বাংলাদেশ ডেন্টাল পরিষদের এক সাংগঠনিক সিদ্ধান্তে কর্মসূচির রূপরেখা চূড়ান্ত করা হয়েছে।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ৭ জুলাই দেশের প্রতিটি জেলায় জেলা প্রশাসকের (ডিসি) কাছে স্মারকলিপি প্রদান করা হবে। এরপর ১১ জুলাই রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে ডেন্টাল পেশাজীবীদের অংশগ্রহণে একটি মানববন্ধন অনুষ্ঠিত হবে। সর্বশেষ ১৫ জুলাই কেন্দ্রীয় শহীদ মিনারে গণসমাবেশের আয়োজন করা হবে। সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা একটি বর্ণাঢ্য পদযাত্রায় অংশ নেবেন।
সংগঠনটির কেন্দ্রীয় নেতারা বলেন, ডেন্টাল পেশাজীবীদের দীর্ঘদিনের বিভিন্ন যৌক্তিক দাবি ও অধিকার আদায়ের লক্ষ্যে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে। দাবি আদায়ে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে আন্দোলন চালিয়ে যাওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সংলাপের মাধ্যমে সমস্যার সমাধানেও তারা আগ্রহী।
একই সঙ্গে ঘোষিত কর্মসূচিগুলোর বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ ও প্রচারের জন্য প্রিন্ট, ইলেকট্রনিক এবং অনলাইন গণমাধ্যমের সাংবাদিকদের সহযোগিতা কামনা করেছে বাংলাদেশ ডেন্টাল পরিষদ।