স্বাস্থ্য সংবাদ ব্রেকিং

নিজস্ব প্রতিবেদক
  ২০ অগাস্ট ২০২৬, ০৫:৩৮ পি এম

সাত বছর পর চট্টগ্রাম জেনারেল হাসপাতালে এমআরআই চালু

ছবি: সংগৃহীত

দীর্ঘ সাত বছর বন্ধ থাকার পর চট্টগ্রাম জেনারেল হাসপাতালে আবারও চালু হয়েছে এমআরআই মেশিন। সরকারি উদ্যোগে মেশিনটি সচল হওয়ায় এখন মাত্র ৩ হাজার টাকায় এমআরআই পরীক্ষা করাতে পারবেন রোগীরা। বেসরকারি প্রতিষ্ঠানে একই পরীক্ষায় খরচ হয় ১৪ থেকে ১৫ হাজার টাকা।

হাসপাতাল সূত্র জানায়, যান্ত্রিক ত্রুটির কারণে দীর্ঘদিন মেশিনটি অচল ছিল। ফলে রোগীদের বাইরে গিয়ে ব্যয়বহুল পরীক্ষাটি করাতে হতো। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. একরাম হোসেনের উদ্যোগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সহযোগিতায় মেশিনটির কারিগরি ত্রুটি মেরামত করা হয়। বুধবার (১৯ আগস্ট) এটি পুনরায় সচল হয়।

এমআরআই তত্ত্বাবধায়ক ডা. মিনাক্ষী রায় বলেন, ব্রেইন, সারভাইকাল স্পাইন ও শোল্ডার জয়েন্টসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন পরীক্ষা এখন হাসপাতালেই করা সম্ভব হবে। দ্রুত ও সঠিক সেবা নিশ্চিত করতে তারা কাজ করছেন।

বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সেখ ফজলে রাব্বি বলেন, কম খরচে সেবাটি চালু হওয়ায় নিম্নআয়ের রোগীরা উপকৃত হবেন এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর চাপও কিছুটা কমবে।

হাসপাতাল সূত্র জানায়, ২০১৫ সালের দিকে মেশিনটি কেনা হয়েছিল। কয়েক বছর সেবা দেওয়ার পর এটি অচল হয়ে যায়। গত জুনে হাসপাতালটিতে কিডনি ডায়ালাইসিস সেবাও চালু হয়েছে। এমআরআই চালুর ফলে সরকারি চিকিৎসাসেবার পরিধি আরও বাড়ল।