স্বাস্থ্য সংবাদ ব্রেকিং

ডেস্ক প্রতিবেদক
  ২০ জুন ২০২৬, ০৮:১৭ পি এম

বাংলাদেশ স্পেশালাইজ্ড হসপিটালে ফ্রোজেন সেকশন বায়োপসি সেবা চালু, অপারেশনের মধ্যেই মিলছে দ্রুত রোগ নির্ণয়

ছবি: সংগৃহীত

আধুনিক চিকিৎসাসেবায় নতুন মাত্রা যোগ করেছে ফ্রোজেন সেকশন বায়োপসি (Frozen Section Biopsy) প্রযুক্তি। অপারেশনের সময়ই রোগ নির্ণয় এবং তাৎক্ষণিক চিকিৎসা সিদ্ধান্ত গ্রহণে সহায়তাকারী এই অত্যাধুনিক প্যাথলজিক্যাল পরীক্ষা বর্তমানে বাংলাদেশ স্পেশালাইজ্ড হসপিটাল পিএলসির হিস্টোপ্যাথলজি ল্যাবে নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, ফ্রোজেন সেকশন বায়োপসি এমন একটি বিশেষ পরীক্ষা, যেখানে অস্ত্রোপচারের সময় রোগীর শরীর থেকে সংগৃহীত টিস্যু নমুনা বিশেষ যন্ত্র ‘ক্রায়োস্ট্যাট’-এ দ্রুত হিমায়িত করে মাইক্রোস্কোপের নিচে পরীক্ষা করা হয়। সাধারণত মাত্র ১৫ থেকে ২০ মিনিটের মধ্যেই পরীক্ষার ফলাফল পাওয়া যায়, যা সার্জনকে অপারেশন চলাকালীন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে সহায়তা করে।

বিশেষজ্ঞরা জানান, ক্যান্সার চিকিৎসায় এই প্রযুক্তি অত্যন্ত কার্যকর। এর মাধ্যমে অপারেশনের সময়ই টিউমারে ক্যান্সার কোষ রয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়। পাশাপাশি টিউমার সম্পূর্ণভাবে অপসারণ করা হয়েছে কিনা এবং সার্জিক্যাল মার্জিনে কোনো ক্যান্সার কোষ অবশিষ্ট রয়েছে কিনা তাও নির্ণয় করা সম্ভব হয়।

চিকিৎসকদের মতে, ফ্রোজেন সেকশন বায়োপসি ব্যবহারের ফলে রোগীদের জন্য একাধিক গুরুত্বপূর্ণ সুবিধা নিশ্চিত হয়। দ্রুত ও নির্ভরযোগ্য ফলাফল পাওয়ার পাশাপাশি সার্জিক্যাল মার্জিন মূল্যায়ন সহজ হয় এবং অপ্রয়োজনীয় দ্বিতীয় অস্ত্রোপচারের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে আসে। ফলে রোগীর চিকিৎসা ব্যয় ও ভোগান্তি উভয়ই হ্রাস পায়।

বাংলাদেশ স্পেশালাইজ্ড হসপিটাল কর্তৃপক্ষ জানিয়েছে, সর্বাধুনিক প্রযুক্তি, অভিজ্ঞ প্যাথলজিস্টদের তত্ত্বাবধান এবং দ্রুত ও নির্ভুল রিপোর্ট প্রদানের মাধ্যমে রোগী-কেন্দ্রিক সেবা নিশ্চিত করাই তাদের লক্ষ্য। হাসপাতালের হিস্টোপ্যাথলজি বিভাগে নিয়মিত এই পরীক্ষার সুবিধা থাকায় রোগীরা আন্তর্জাতিক মানের ডায়াগনস্টিক সেবা দেশে বসেই গ্রহণ করতে পারছেন।

রাজধানীর শ্যামলীতে অবস্থিত বাংলাদেশ স্পেশালাইজ্ড হসপিটাল পিএলসি কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, ফ্রোজেন সেকশন বায়োপসি সেবার সম্প্রসারণ দেশের ক্যান্সার ও জটিল রোগের চিকিৎসায় আরও কার্যকর ভূমিকা রাখবে এবং রোগীদের দ্রুত ও সঠিক চিকিৎসা নিশ্চিত করতে সহায়ক হবে।