স্বাস্থ্য সংবাদ ব্রেকিং

গ্রামীণ স্বাস্থ্য ডেস্ক, স্থানীয় প্রতিনিধি
  ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৭ পি এম

বাবাকে ফিরে পেতে চায় সন্তান, ক্যান্সারে আক্রান্ত আজিজের বাঁচার আকুতি

ছবি: সংগৃহীত

কোম্পানীগঞ্জ: একসময় মানুষের নিরাপত্তায় দায়িত্ব পালন করেছেন বাংলাদেশ পুলিশের সদস্য হিসেবে। মানুষের বিপদে পাশে দাঁড়ানোই ছিল তার পেশাগত দায়িত্ব।

অথচ আজ সেই মানুষটিই জীবনের সবচেয়ে কঠিন লড়াইয়ে অসহায় হয়ে পড়েছেন। ক্যান্সারে আক্রান্ত নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের তৌফর আলী চৌকিদার বাড়ির আজিজ এখন বাঁচার জন্য সমাজের মানুষের সহযোগিতা কামনা করছেন।

চাকরিরত অবস্থায় আজিজের শরীরে ধরা পড়ে মরণব্যাধি ক্যান্সার। এরপর থেকেই শুরু হয় দীর্ঘ চিকিৎসাযুদ্ধ। পরিবার, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতায় দেশে তার চিকিৎসা চালিয়ে যাওয়া হয়।

ইতোমধ্যে তাকে ছয়টি কেমোথেরাপি দেওয়া হয়েছে। কিন্তু দীর্ঘ চিকিৎসার পরও তার শারীরিক অবস্থার আশানুরূপ উন্নতি হয়নি।

চিকিৎসকদের পরামর্শ, জীবন বাঁচাতে আজিজকে দ্রুত ভারতে নিয়ে উন্নত চিকিৎসা করাতে হবে। কিন্তু এই পরামর্শ যেন তার পরিবারের সামনে নতুন এক অনিশ্চয়তার দরজা খুলে দিয়েছে।

দীর্ঘদিন চিকিৎসার খরচ বহন করতে গিয়ে পরিবারটির সঞ্চয় প্রায় শেষ। এখন বিদেশে চিকিৎসার বিপুল ব্যয় বহন করার সামর্থ্য তাদের নেই।

আজিজের স্বজনদের কাছে এটি শুধু একজন মানুষের অসুস্থতার গল্প নয়; এটি একটি পরিবারের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই।

পরিবারে রয়েছেন অসহায় মা, একজন প্রতিবন্ধী বোন, স্ত্রী ও ছোট্ট সন্তান। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির এমন সংকটময় অবস্থায় স্বাভাবিকভাবেই ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে তাদের।

সবচেয়ে বেশি কষ্ট হয় ছোট্ট সন্তানটির জন্য। যে বয়সে একটি শিশুর বাবার হাত ধরে বেড়ে ওঠার কথা, সেই বয়সে তাকে দেখতে হচ্ছে বাবার অসুস্থতার দীর্ঘ যন্ত্রণা।

স্বজনদের ভাষায়, একটি সন্তান তার বাবাকে ফিরে পেতে চায়। একজন স্ত্রী চান তার স্বামী আবার সুস্থ হয়ে পরিবারের কাছে ফিরে আসুন। আর একজন মা চান, তার সন্তান সব প্রতিকূলতা পেরিয়ে আবার সুস্থ হয়ে ঘরে ফিরুক।

আজিজের চিকিৎসার জন্য এখন প্রয়োজন মানুষের সম্মিলিত সহযোগিতা। স্বজনরা জানান, কারও কাছে হয়তো ১০০ টাকা খুবই সামান্য, কারও কাছে ৫০০ টাকা।

কিন্তু এমন অসংখ্য ছোট ছোট সহায়তা একত্রিত হলে একজন মানুষের জীবন বাঁচানোর বড় সুযোগ তৈরি হতে পারে।

ক্যান্সারের সঙ্গে লড়াই করা আজিজের জন্য প্রতিটি দিনই গুরুত্বপূর্ণ। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী দ্রুত ভারতে নিয়ে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা প্রয়োজন।

কিন্তু অর্থের অভাবে সেই চিকিৎসা যেন থেমে না যায়, এটাই এখন পরিবারের সবচেয়ে বড় আকুতি।

যারা মানুষের বিপদে পাশে দাঁড়াতে চান, তাদের প্রতি আজিজের পরিবারের অনুরোধ, সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দিন।

আপনার দেওয়া সামান্য অর্থও হতে পারে আজিজের চিকিৎসার জন্য একটি গুরুত্বপূর্ণ সহায়তা, হতে পারে তার পরিবারের জন্য নতুন আশার আলো।

যেভাবে সহযোগিতা করবেন

বিকাশ: 01868-470397 (আজিজের নিজের নম্বর)

ডাচ্-বাংলা ব্যাংক
অ্যাকাউন্ট নম্বর: 1661580521356
অ্যাকাউন্টের নাম: Azizul Hoq
শাখা: বসুরহাট শাখা

আজিজের পরিবার আর্থিক সহযোগিতার পাশাপাশি তার দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেছে।

মানুষের নিরাপত্তায় দায়িত্ব পালন করা সেই সাবেক পুলিশ সদস্য আজ নিজের জীবন বাঁচানোর লড়াইয়ে মানুষের দ্বারস্থ হয়েছেন। হয়তো কারও সামান্য সহায়তা, কারও একটি দোয়া কিংবা অনেকের সম্মিলিত প্রচেষ্টাই তাকে আবার ফিরিয়ে দিতে পারে তার মা, স্ত্রী ও সন্তানের কাছে।

আসুন, সামর্থ্য অনুযায়ী আজিজের পাশে দাঁড়াই।