স্বাস্থ্য সংবাদ ব্রেকিং
মাদকের ভয়াবহ বিস্তার রোধে দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক মাদকবিরোধী সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আহ্বান জানান।
মির্জা ফখরুল বলেন, “আমরা দলমত নির্বিশেষে সকল মানুষকে নিয়ে মাদকের বিরুদ্ধে একটি শক্তিশালী সামাজিক আন্দোলন গড়ে তুলতে চাই। আমরা বিশ্বাস করি, কার্যকরভাবে মাদক নিয়ন্ত্রণ করা গেলে সমাজের অনেক সমস্যার সমাধান সম্ভব হবে।”
তিনি বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকেই নয়, একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রকেও ক্ষতিগ্রস্ত করে। তাই মাদকের বিস্তার রোধে সরকারের পাশাপাশি সমাজের প্রতিটি স্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।
মাদক নির্মূলে সরকারের উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, বর্তমান সরকার দেশ থেকে মাদককে চিরতরে বিদায় করতে আন্তরিকতার সঙ্গে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি প্রশাসন ও স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার করা হচ্ছে।
সভায় সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক রফিকুল হক। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার বেলাল হোসেন, ৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আখলাক হোসেন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
সভায় বক্তারা মাদকের কুফল সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখা এবং মাদকবিরোধী কার্যক্রমে সামাজিক সম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।