স্বাস্থ্য সংবাদ ব্রেকিং
স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন বিসিএস স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তা ডা. মো. নুরুল ইসলাম। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) ডা. মো. নুরুল ইসলামকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে পদায়ন করা হয়েছে। জনস্বার্থে এ নিয়োগ কার্যকর করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
একই প্রজ্ঞাপনে স্বাস্থ্য অধিদপ্তরের বর্তমান মহাপরিচালক ডা. আবু হোসেন মো. মঈনুল আহসানকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরে ন্যস্ত করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, বদলি ও পদায়নকৃত কর্মকর্তাদের আগামী ২৬ জুলাই ২০২৬ তারিখের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। অন্যথায় ২৭ জুলাই ২০২৬ তারিখে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত বলে গণ্য করা হবে।
স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্মসচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রশাসনিক প্রয়োজন ও জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে।
নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণের পর ডা. নুরুল ইসলামের নেতৃত্বে স্বাস্থ্য অধিদপ্তরের প্রশাসনিক কার্যক্রম, সরকারি হাসপাতাল ব্যবস্থাপনা, জনস্বাস্থ্য কর্মসূচি এবং স্বাস্থ্যসেবা উন্নয়নের চলমান কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।