স্বাস্থ্য সংবাদ ব্রেকিং
গ্রাম ও শহরের স্বাস্থ্যসেবার বৈষম্য কমিয়ে প্রতিটি নাগরিকের দোরগোড়ায় আধুনিক ও মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার ‘জাতীয় স্বাস্থ্য কার্ড’ চালু করতে যাচ্ছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব এনাম।
বুধবার চীনের শিআন শহরে অনুষ্ঠিত ‘ডিজিটাল অ্যান্ড ইন্টেলিজেন্ট ইন্টিগ্রেশন ফর হেলথ—টুওয়ার্ডস এ নিউ কোঅপারেটিভ ইকোসিস্টেম অ্যালং দ্য সিল্ক রোড’ শীর্ষক আন্তর্জাতিক ফোরামে স্বাস্থ্য খাতে ডিজিটাল প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহারবিষয়ক অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি এ ঘোষণা দেন।
মন্ত্রী বলেন, জাতীয় স্বাস্থ্য কার্ড চালু হলে দেশের যেকোনো প্রান্তে অবস্থান করে চিকিৎসকরা রোগীর প্রয়োজনীয় চিকিৎসা-সংক্রান্ত তথ্য তাৎক্ষণিকভাবে দেখতে পারবেন। এতে রোগ নির্ণয়, চিকিৎসা পরিকল্পনা এবং ফলোআপ আরও দ্রুত, নির্ভুল ও কার্যকর হবে।
তিনি আরও বলেন, জাতীয় স্বাস্থ্য কার্ড কেবল একটি প্রযুক্তিনির্ভর উদ্যোগ নয়; এটি স্বাস্থ্যসেবায় সমতা নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর মাধ্যমে শহর ও গ্রামের স্বাস্থ্যসেবার ব্যবধান কমিয়ে নাগরিকদের জন্য আরও সমন্বিত ও সহজলভ্য চিকিৎসা ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে।
ফকির মাহবুব এনাম জানান, সরকার মানবাধিকার, নৈতিকতা, স্বচ্ছতা এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের ভিত্তিতে একটি মানবকেন্দ্রিক জাতীয় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নীতি প্রণয়নে কাজ করছে, যা স্বাস্থ্যসহ বিভিন্ন খাতে নিরাপদ ও দায়িত্বশীল প্রযুক্তি ব্যবহারে সহায়ক হবে।
চীন সরকারের অর্থায়নে ও ওয়ার্ল্ড ইন্টারনেট কনফারেন্স (ডব্লিউআইসি) সচিবালয়ের আয়োজনে অনুষ্ঠিত এ ফোরামে চীনের সাইবারস্পেস প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, শানসি প্রদেশের নেতৃবৃন্দ, বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ (ডব্লিউএইচও) বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।
২১ থেকে ২২ জুলাই অনুষ্ঠিত এ আন্তর্জাতিক সম্মেলনে কম্বোডিয়া, আলজেরিয়া, জাম্বিয়া, কিউবা, নিকারাগুয়া, মরক্কো, সুদান, তিউনিশিয়া, রাশিয়া ও ব্রাজিলসহ বিভিন্ন দেশের মন্ত্রী, নীতিনির্ধারক ও প্রযুক্তি বিশেষজ্ঞরা অংশ নিয়ে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের আওতায় স্বাস্থ্য খাতের ডিজিটাল রূপান্তর ও আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে আলোচনা করেন।